ক্যানভাস ফ্যাশনোভেশন বাই আজরা মাহমুদের নতুন সিরিজ

আপডেট : ২৯ জুন ২০২০, ১৯:৫৮

করোনা দুর্যোগের এই স্থবিরতায় ফ্যাশন-মডেলিং ইন্ডাস্ট্রির চাকা সচল রাখতে প্রযুক্তি ব্যবহার করে আজরা মাহমুদের উদ্যোগে ‘ভার্চুয়াল ফটোশুট’ সিরিজ আয়োজন করেছিল ফ্যাশন ম্যাগাজিন ‘ক্যানভাস’। তারই ধারাবাহিকতায় এবার শুরু হয়েছে ‘ক্যানভাস ফ্যাশনোভেশন বাই আজরা মাহমুদ’-এর ‘ফ্যাশন ফিল্ম সিরিজ’। ৭ জুন থেকে ফ্যাশন ফিল্ম সিরিজটি ক্যানভাসের অফিসিয়াল ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজে শুরু হয়েছে।

গতবারের মতো এবারও যেদিন যে টিমের ফ্যাশন ফিল্ম পোস্ট হচ্ছে, সেদিন সেই টিমের সঙ্গেই তাদের অভিজ্ঞতা প্রসঙ্গে লাইভ আলোচনা করা হচ্ছে। থাকছেন বিশেষ অতিথিও। প্রতিদিন রাত ১০টায় লাইভ দেখা যাবে ক্যানভাস ফেসবুক পেজে।

বরাবরের মতোই এই সিরিজটি তৈরি হচ্ছে আজরা মাহমুদের উদ্যোগে। আয়োজনে ক্যানভাস ম্যাগাজিন। এবারের সিরিজ প্রসঙ্গে ক্যানভাসের এক্সিকিউটিভ এডিটর নুজহাত খান বলেন, ফ্যাশন মডেলিং ইন্ডাস্ট্রি এবং এর সংশ্লিষ্ট সবাইকে সচল রাখার যেই ভাবনা থেকে এই ফ্যাশনোভেশনের শুরু তা স্বল্প আকারে হলেও সফল। ডেইলি স্টারের মতো প্রতিষ্ঠিত দৈনিকও এখন তাদের লাইফস্টাইল পাতার জন্য ভার্চুয়াল ফটোশুটের কথা ভাবছে। এটা আমাদের এই উদ্যোগের অনেক বড় পাওয়া বলে আমি মনে করি।

তিনি বলেন, ভার্চুয়াল ফটোশুট সিরিজটি তুলনামূলকভাবে সহজ ছিল। কারণ, একজন মডেলকে দেখে কিছু ছবি রেডি করা হচ্ছে; ক্যামেরা এক জায়গায় ফিক্সড রেখে একেকটি শুট সম্পন্ন করা গেছে। কিন্তু ফ্যাশন ফিল্মের ক্ষেত্রে বিষয়টা বেশ কমপ্লিকেটেড। এখানে ক্যামেরা স্টেডি মুভমেন্টের একটা কৌশল ছিল এবং পাঁচ জায়গায় পাঁচ জনের ভিডিও ক্লিপ জোড়া দিয়ে এক দেখানোর একটা প্রচেষ্টা ছিল।

নুজহাত খান বলেন, যদি আমাদের কনজুমার বিহেভিওর চেঞ্জ করে তাদের ভার্চুয়াল শপিংয়ের দিকে আগ্রহী করতে হয় সেক্ষেত্রে ফ্যাশন ফিল্ম বেশ প্রয়োজনীয় ভূমিকা রাখবে বলে মনে করি।

এই সিরিজে দেশের সুপরিচিত ফ্যাশন ডিরেক্টর এবং কোরিওগ্রাফারের ডিরেকশনে মডেলদের দেখা যাবে দেশি ফ্যাশন হাউজের পোশাকে।