এই সময়ের ছড়া
কামাল হোসাইন
জেব্রাকালো ছোট্ট একটা মশা
মনে হলো আমার গালে বসা
এই না দেখে ভিরমি খেলাম
চাপটে দিলাম ঘষা...
বলি বাছা, এখন কোথায় যাবি
আয় না এবার কত রক্ত খাবি?
ইহজীবন সাঙ্গ রে তোর
আর কোথা পালাবি?
কে জানে সে এডিস কি না
দিশ হারানো লেডিস কি না!
গাল তো জ্বলে ছাই—
বনবনবন ঘুরছে মাথা তাই;
কিন্তু আমায় দেখিয়ে মুলো
সেই যে আবার ঘুরছে মশাটাই!
রাগে ক্ষোভে দাঁত কিড়মিড়
মাথার ভেতর প্রশ্নের ভিড়—
সে যদি হয় ডেঙ্গুবাহী
জীবন হবে ত্রাহি ত্রাহি;
কী যে করি ভেবেই মরি ছাই
এডিস থেকে বাঁচার উপায় নাই!
