ইত্তেফাক রিপোর্ট
আগের দিন অর্থাত্ রবিবারের মতো গতকাল সোমবারও উত্থানে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। গতকাল উভয় শেয়ারবাজারের প্রধান প্রধান সূচক বেড়েছে। তবে টাকার পরিমাণে লেনদেন আগের দিন থেকে কমেছে। আর লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
গতকাল সোমবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭ দশমিক ৪১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৯৮১ দশমিক ৬৪ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহসূচক এক দশমিক ৮২ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ২ দশমিক ৭৮ পয়েন্ট এবং সিডিএসইটি ২ দশমিক ১৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ৯২৩ দশমিক ৫৬ পয়েন্টে, ১ হাজার ৩৩৫ দশমিক ৫১ পয়েন্টে এবং ৭৯০ দশমিক ১৭ পয়েন্টে।
ডিএসইতে গতকাল ১৫৪ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ২ হাজার ৩৮৮ কোটি ৫৯ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ২ হাজার ৫৪৩ কোটি ২৫ লাখ টাকার। গত রবিবার লেনদেনে বেশি হওয়ার মূল কারণ ছিল ডিএসইর ব্লক মার্কেটের মাধ্যমে ইউনিলিভার গ্লাক্সোস্মিথক্লাইনের উদ্যোক্তা ও পরিচালকদের সব শেয়ার কিনে নেয়। এতে গ্লাক্সোস্মিথক্লাইনের শেয়ার লেনদেন হয় ২ হাজার ২২৫ কোটি ৩৮ লাখ টাকার।
ডিএসইতে গতকাল ২৯৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৪০টির বা ১৩ দশমিক ৪২ শতাংশের, শেয়ার দর কমেছে ১৯টির বা ৬ দশমিক ৩৭ শতাংশের এবং ২৩৯টির বা ৮০ দশমিক ২০ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।
গতকাল সোমবার টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মার শেয়ার। কোম্পানিটির ১৬ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ সাবমেরিন কেবলস ৬ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৫ কোটি ৩১ লাখ টাকার লেনদেনের মাধ্যমে এর পরের স্থানে ছিল গ্লাক্সোস্মিথক্লাইন।
এছাড়া লেনদেনের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় ছিল— ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, লিন্ডে বিডি, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, সিটি ব্যাংক, ওয়াটা কেমিক্যাল এবং ফার্মা এইড।
অপর শেয়ারবাজার সিএসইতে সার্বিক সূচক সিএএসপিআই ২৪ দশমিক ৭৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৩০৮ দশমিক ৮১ পয়েন্টে। সিএসইতে গতকাল ১৩৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২৯টির দর বেড়েছে, কমেছে ১৩টির আর ৯৬টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৭৮ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
