'একমাত্র হেরোইন খোরেরাই এমন হত্যাকাণ্ড ঘটাতে পারে'

আপডেট : ১৪ নভেম্বর ২০১৮, ১২:১৭

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান খাশোগি হত্যাকাণ্ডের অডিও রেকর্ডকে বড় বিপর্যয় বলে আখ্যায়িত করেছেন। এছাড়া এই রেকর্ড শোনার পর এক সৌদি গোয়েন্দাও মর্মাহত হয়েছেন বলে তিনি উল্লেখ করেন। খবর সিএনএনের। 

এছাড়া তিনি সাংবাদিকদের আরো বলেন, আমার মনে হয়েছিল তারা হেরোইন সেবন করেছেন। একমাত্র যারা হেরোইন সেবন করেন, তাদের দ্বারা এমন হত্যাকাণ্ড সম্ভব। 

অন্যদিকে গতকাল খাশোগি হত্যাকাণ্ডে সৌদি যুবরাজের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস।

গতকালের খবরে বলা হয়, খাশোগি হত্যাকাণ্ডে অংশ নেওয়া ১৫ জনের মধ্যে একজন খাশোগিকে হত্যার পর যুবরাজ সালমানের সহকারীকে ফোন করেন। ফোন করে বলেন, তোমার বসকে বল, খাশোগি হত্যাকাণ্ডের মিশন সম্পন্ন হয়েছে।

নিউ ইয়র্কে প্রতিবেদনে বলা হয়, ফোন করার সময় যদিও বসের নাম উল্লেখ করা হয়নি। তবে বস বলতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকেই বোঝানো হয়েছে।

সালমানের সহকারীকে ফোন করা ওই ব্যক্তির নাম মাহের আব্দুলাজিজ মুত্রেব যিনিও খাশোগি হত্যাকাণ্ডে সৌদি কনস্যুলেটের ভিতরে অংশ নেন। মুত্রেব যুবরাজ সালমানের নিরাপত্তা কর্মকর্তা ছিলেন যিনি প্রায় তার সঙ্গে বিভিন্ন দেশ সফর করতেন।

ইত্তেফাক/এসআর