কুমিল্লা বোর্ডে এসএসসির ফল পুননিরীক্ষণে ফেল থেকে পাশ ৬২

আপডেট : ৩০ জুন ২০২০, ২০:৪৬

কুমিল্লা শিক্ষা বোর্ডে চলতি বছরের গত ৩১ মে প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফল চ্যালেঞ্জ করে পুননিরীক্ষণের জন্য আবেদন করা ৪৪১ জন পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে ফেল থেকে পাশ করেছে ৬২ জন পরীক্ষার্থী। মঙ্গলবার দুপুরে কর্তৃপক্ষ পুননিরীক্ষণের ফল ঘোষণা করে।

বোর্ড সূত্র জানায়, গত ৩১ মে এসএসসির ফলাফল ঘোষণা করা হয়। এরপর ১ জুন থেকে ৭ জুন পর্যন্ত পুননিরীক্ষণের জন্য আবেদন গ্রহণ করা হয়। এ সময়ে ফলাফল চ্যালেঞ্জ করে ১৭ হাজার ৬৭৭ জন তাদের ৩৯ হাজার ৩০৩টি উত্তরপত্র পুননিরীক্ষণের জন্য আবেদনপত্র দাখিল করে। এতে ৪৪১ জন পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়। এর মধ্যে ফেল করা ৬২ জন শিক্ষার্থী পাশ করেছে। এছাড়া পুননিরীক্ষণে গ্রেড পরিবর্তন হয়ে জিপিএ-৫ বেড়েছে ৬১ জন এবং অন্যান্য গ্রেডে ফল পরিবর্তন হয়েছে ৩৮০ জনের। 

কুমিল্লা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান সাংবাদিকদের জানান, মঙ্গলবার বোর্ডের অনলাইনে পুননিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। যে সকল পরীক্ষার্থীর নতুন করে গ্রেড পরিবর্তন হয়েছে তারা সরকারি-বেসরকারি কলেজে ভর্তির জন্য অনলাইনে পরিবর্তীত গ্রেড উল্লেখ করে আবেদন করতে পারবে।

ইত্তেফাক/এসি