রাঙ্গামাটিতে বৌদ্ধ সম্প্রদায়ের ত্রিপিটক শোভাযাত্রা

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৯, ২১:৪১

পার্বত্য বৌদ্ধ ধর্মীয় গুরু রাঙ্গামাটি রাজবন বিহারের প্রয়াত অধ্যক্ষ শ্রীমত্ সাধনানন্দ মহাস্থবির বনভান্তের শততম জন্মবার্ষিকী উপলক্ষে রাঙ্গামাটিতে ধর্মীয় গ্রন্থ ‘ত্রিপিটক’ শোভাযাত্রা বের করা হয়। রাজবন বিহার থেকে ত্রিপিটক গ্রন্থ ও বনভান্তের প্রতিকৃতি নিয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে শত শত বৌদ্ধ নারী-পুরুষ ত্রিপিটক শোভাযাত্রায় অংশ নেয়। শোভাযাত্রার গাড়ির বহর শহর প্রদক্ষিণের সময় রাস্তার দু’পাশে দাঁড়িয়ে বৌদ্ধ পুণ্যার্থীরা ত্রিপিটকে ফুল নিবেদন করে। শোভাযাত্রাটি রাঙ্গামাটি শহর ঘুরে পুনরায় রাজবন বিহারে গিয়ে শেষ হয়।

এছাড়াও বনভান্তের জন্মোত্সব ঘিরে দেশের প্রধান বৌদ্ধধর্মীয় প্রতিষ্ঠান রাঙ্গামাটি রাজবন বিহারে ৭ দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠানমালা পালিত হচ্ছে। রাজবন বিহার উপাসক-উপাসিকা পরিষদ এসব কর্মসূচির কথা নিশ্চিত করে। উল্লেখ্য, বৌদ্ধ আর্যপুরুষ বনভান্তে ১৯২০ সালের ৮ জানুয়ারি রাঙ্গামাটি সদরের ১১৫নং মগবান মৌজার মোড়ঘোনা গ্রামের এক নিম্নমধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। ২০১২ সালের ৩০ জানুয়ারি দেহত্যাগ করেন তিনি। তিনি জীবদ্দশাকালে অধ্যক্ষ হিসেবে রাজবন বিহারে অবস্থান করেন।