উড়ন্ত বিমানে বিয়ের প্রস্তাব? এবার সেই কাজটিই করে ফেললেন এক ব্যক্তি। মাঝ আকাশে বিমানের মধ্যেই প্রিয়তমাকে বিয়ের প্রস্তাব দিলেন স্টেফানো। সমপ্রতি এমিরেটসের রোম থেকে দুবাইগামী বিমানে ভিক্টোরিয়াকে দেওয়া স্টেফানোর বিয়ের প্রস্তাবের ওই ভিডিও ভাইরাল হয়। ভিক্টোরিয়া ওই বিমানেই বিমানবালা হিসেবে দায়িত্বরত ছিলেন। এই সম্পূর্ণ ভিডিওটি এমিরেটসের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে।
ভিডিওটিতে দেখা যাচ্ছে যে, ইকোনমি ক্লাসের পর্দা সরিয়ে ভেতরে আসতেই বিমানবালা দেখতে পান যে বেশ অন্যরকমভাবে কেবিনটি সাজানো। ভিক্টোরিয়া চমকে যান এটা দেখে যে, একাধিক যাত্রী যে মুখোশটা ধরে আছেন, সেটি তার প্রিয় মানুষ স্টেফানোর। এরপরেই দেখা যায় যে, স্টেফানো হাঁটু মুড়ে বসে ভিক্টোরিয়ার আঙুলে পরিয়ে দেন ‘এনগেজমেন্ট রিং’। স্টেফানোকে জিজ্ঞেস করতেও দেখা যাচ্ছে যে, ভিক্টোরিয়া তার প্রস্তাবে সাড়া দিচ্ছেন কিনা। মুখে তখন ভাষা নেই ভিক্টোরিয়ার। চোখের জল সামলাতে সামলাতে মাথা নাড়লেন তিনি। যার অর্থ, ‘হ্যাঁ’। —আনন্দবাজার পত্রিকা
