করোনার কারণে নির্বাচনি সমাবেশ না করার ঘোষণা দিলেন বাইডেন

আপডেট : ০১ জুলাই ২০২০, ২১:৩২

বিবিসি ও এএফপি

করোনা মহামারির কারণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন নির্বাচনি সমাবেশের আয়োজন না করার কথা জানিয়েছেন। তার এ ঘোষণা নজিরবিহীন এবং প্রতিদ্বন্দ্বী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থানের সম্পূর্ণ বিপরীত। আমেরিকায় করোনা ভাইরাস নিয়ন্ত্রণে ব্যর্থতা নিয়ে দিন দিন উদ্বেগ বাড়ার প্রেক্ষাপটে বাইডেনের এ ঘোষণাটি এলো।

বাইডেন চার সপ্তাহ আগে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ডেমোক্রেটিক দলের মনোনয়ন পেয়েছেন। মনোনীত হওয়ার পর মঙ্গলবার প্রথম সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি ডাক্তারের নির্দেশ অনুসরণ করতে যাচ্ছি। এটি কেবল আমার জন্যে না, পুরো দেশের জন্যে। এর অর্থ আমি কোনো নির্বাচনি সমাবেশ করতে যাচ্ছি না।’ একই সঙ্গে তিনি জানান, তিনি এখনো করোনা শনাক্তের কোনো পরীক্ষা করাননি। বাইডেন যে ডাক্তারের নির্দেশনার কথা বলেছেন তা তার ব্যক্তিগত ডাক্তার নয়, বরং বড় কোনো সমাবেশে যোগ না দিতে আমেরিকানদের প্রতি সরকারের বিধিনিষেধের কথাই তিনি তুলে ধরেছেন। তবে মহামারি পরিস্থিতির উন্নতি হলে তিনি তার সিদ্ধান্ত পালটাবেন কি না, এ বিষয়ে কিছু বলেননি।