বড়লেখায় ৯ লক্ষাধিক টাকা মূল্যের পলিথিন উদ্ধার, জরিমানা

আপডেট : ০১ জুলাই ২০২০, ২১:৩২

বড়লেখা (মৌলভীবাজার) সংবাদদাতা

মৌলভীবাজারের বড়লেখায় ৭০ মণ নিষিদ্ধ পলিথিন উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে বড়লেখা পৌর শহরের বিভিন্ন স্থান থেকে ভ্রাম্যমাণ আদালত বিশেষ অভিযান চালিয়ে এই পলিথিন উদ্ধার করেছে। উদ্ধার করা পলিথিনের বাজারমূল্য ৯ লক্ষাধিক টাকা। এ ঘটনায় চার ব্যক্তিকে ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, থানার পুলিশের কাছে গোপন তথ্য ছিল, বড়লেখা শহরের বিভিন্ন স্থানে নিষিদ্ধ পলিথিন মজুত করে বিক্রি করা হচ্ছে। বুধবার সকাল থেকে পুলিশের একটি টিম সাদা পোশাকে গুদামগুলো নজরদারিতে রাখে। পুলিশের এই তথ্যের ভিত্তিতে বেলা আড়াইটা থেকে বিকেল সাড়ে ৬টা পর্যন্ত গুদামগুলোতে অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান। অভিযানে অন্যান্যের মধ্যে অংশ নেন বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিনুল হক, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রতন দেবনাথ, উপপরিদর্শক (এসআই) প্রভাকর রায়, বড়লেখা পৌরসভার কাউন্সিলর আব্দুল মতিন, আব্দুল মালিক জুনু প্রমুখ।

উদ্ধারকৃত পলিথিনগুলো পুড়িয়ে ফেলা হয়েছে। নিষিদ্ধ পলিথিন মজুতের অভিযোগে সেলিম আহমদ নামের এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা, আব্দুল হাছিবকে ৫ হাজার এবং আব্দুস সামাদকে ৫ হাজার টাকা, মো. ওমর হোসেন নামের এক ব্যক্তিকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।