সরকারিভাবে চাল কেনা হয়ে গেছে, দাম বাড়ানোর অবকাশ নেই :খাদ্যমন্ত্রী

আপডেট : ০১ জুলাই ২০২০, ২২:৩৬

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ইতিমধ্যে সরকারিভাবে ২ লাখ টন চাল কেনা হয়ে গেছে, তাই চালের দাম বাড়ানোর কোনো অবকাশ নেই। সরকারিভাবে দুই টাকা চালের দাম বাড়ালে কেজি প্রতি ১০ টাকা বৃদ্ধি হবে এটা চিন্তা করার কোনো অবকাশ নেই।

খাদ্যমন্ত্রী প্রধান অতিথি হিসেবে বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা সমন্বয়ে কোভিড-১৯ সংক্রান্ত স্বাস্থ্য ব্যবস্থাপনা, ত্রাণ কার্যক্রম পরিচালনার কাজ তত্ত্বাবধান ও আইনশৃঙ্খলা পরিস্থিতিবিষয়ক মতবিনিময় সভায় ভিডিও কনফারেন্সে এসব কথা বলেন।

এ সময় চালকল মালিকদের উদ্দেশ মন্ত্রী বলেন, চালের দাম বাড়ানোর যে চিন্তা করছেন এটা কিন্তু গত বছর করেন নাই। গত বছর তো কেজিতে সাত থেকে আট টাকা লাভ হয়েছে। ভবিষ্যতে আমাদের ব্যবসা করতে হবে। তাই কোনো সময় বেশি লাভ কোনো সময় কম লাভ হবে।

মন্ত্রী বলেন, যেহেতু ভরা মৌসুমের ধান উঠে গেছে তাহলে চালের দাম কেন বাড়বে। যদি মনে করেন যে, এতে আপনাদের কভার হবে না, তাহলে বাধ্য হয়ে আমাদেরকে চাল আমদানি করতে হবে। তখন বলতে পারবেন না যে, চাল আমদানি করায় আপনাদের ক্ষতি হয়েছে। খাদ্যমন্ত্রী চালকল মালিকদের বলেন, এই দুর্যোগের সময়ে যেসব মিলার সঠিকভাবে গুদামে চাল দিবে তাদের তালিকা আলাদা করে রাখব এবং তাদেরকে পরবর্তী সময়ে মূল্যায়ন বেশি করা হবে।