‘কয়েক শ লোক নিয়ে ইউএনওর বৃক্ষরোপণ ও ভূরিভোজ : স্বাস্থ্যবিধি না মানার অভিযোগ’ শিরোনামে ৩০ জুন ইত্তেফাকে প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুল ইসলাম। মঙ্গলবার পাঠানো এক প্রতিবাদপত্রে তিনি প্রকাশিত প্রতিবেদনকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে দাবি করেন।
প্রতিবেদকের বক্তব্য : ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে দাবি করলেও প্রতিবাদপত্রে ইউএনও নিজেই স্বীকার করেছেন—২৬টি অরাজনৈতিক স্বেচ্ছাসেবক সংগঠনের কলেজ ও বিশ্ববিদ্যালয়পড়ুয়া ১৩০ জন স্বেচ্ছাসেবী এই বৃক্ষরোপণে অংশ নেন। পূর্বপরিকল্পনা অনুযায়ী সেখানে খাবারের ব্যবস্থা করা হয়েছিল বলেও ইউএনও স্বীকার করেন। সামাজিক দূরত্ব, মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে যথেষ্ট সচেতন ছিলেন বলে সাইদুল ইসলাম দাবি করলেও মাস্ক ছাড়াই গাদাগাদি করে গোসল করা ও ফটোসেশনের ছবি এই প্রতিবেদকের কাছে রয়েছে। আর যে বালু সন্ত্রাসের কথা বলা হয়েছে সেটিও প্রকাশিত প্রতিবেদনে ইউএনওর বক্তব্য হিসেবে ছাপা হয়েছে।
