ইরানের রাজধানী তেহরানের একটি ক্লিনিকে অক্সিজেনের সিলিন্ডার বিস্ফোরণে কমপক্ষে ১৯ জন নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে সিনা আতাহার ক্লিনিকে এই বিস্ফোরণে আহত হয়েছেন আরো ১৪ জন। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মঙ্গলবার রাতে পাঁচ তলা ক্লিনিকটির আন্ডারগ্রাউন্ডে অক্সিজেনের সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়ে। তেহরান ফায়ার ব্রিগেডের মুখপাত্র জালাল মালিকি বলেন, সিলিন্ডার বিস্ফোরণে আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে, তাত্ক্ষণিকভাবে লোকজনকে সাহায্য করা সম্ভব হয়নি। তবে ফায়ার ব্রিগেডের কর্মীরা ঘটনাস্থলে যাওয়ার পর আটকে পড়া ২০ জনকে উদ্ধার করতে সক্ষম হন। টেলিভিশনে আসা ভিডিওতে বিস্ফোরণস্থল থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। আগুন নেভাতে দমকল কর্মীদের কয়েক ঘণ্টা সময় লেগেছে। বিস্ফোরণে ভবনের একাংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, নিহতদের অধিকাংশই নারী; ১৫ জন নারী ও চার জন পুরুষ জালাল মালিকি বলেন, ‘অনেকে ওপরের তলাগুলোতে ছিলেন, তাদের অনেকে অস্ত্রোপচারের কক্ষেও ছিলেন। তাপ ও ঘন ধোঁয়ার কারণে দুর্ভাগ্যজনকভাবে প্রাণ হারান তারা।’ অগ্নিকাণ্ডের ঘটনায় আহত ১৪ জনের মধ্যে সাত জনকে প্রাথমিক চিকিত্সা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি সাত জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঊর্ধ্বতন কর্মকর্তাদের বরাতে ইরানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম বলছে, ঐ বিস্ফোরণ ঘটেছে ‘গ্যাস লিকেজ’ থেকে। এ ঘটনার কয়েক দিন আগে তেহরানের একটি সামরিক স্থাপনার কাছে বড় ধরনের বিস্ফোরণ ঘটেছিল। কর্তৃপক্ষ জানিয়েছিল ঐ বিস্ফোরণও হয়েছিল ‘গ্যাস লিকেজ’ থেকে।
