গাংনীতে নতুন বইয়ের পরিবর্তে পুরাতন বই পেল শিক্ষার্থীরা

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৯, ২২:০৪

গাংনীর মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। অনিয়মের অভিযোগ ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনারুল ইসলামের বিরুদ্ধে। সরকার কর্তৃক নতুন বই দেওয়ার বিধিবিধান থাকলেও অজ্ঞাত কারণে শিক্ষার্থীদের মাঝে নতুন বই সরবরাহ করেনি প্রধান শিক্ষক আনারুল ইসলাম। এ কারণে অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।

কয়েকজন শিক্ষার্থী জানান, সরকার ১ জানুয়ারিতে নতুন বই দেওয়ার নির্দেশনা দিলেও প্রধান শিক্ষক ১ তারিখের পরিবর্তে ২ জানুয়ারি নতুন ও পুরাতন মিলিয়ে বই দিয়েছে।

অভিভাবকরা জানান, সরকার প্রতিটা শিক্ষার্থীকে বছরের প্রথম দিন নতুন বই দিতে কর্তৃপক্ষকে নির্দেশনা দিলেও মোমিনপুর এমজিজিএম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনারুল ইসলাম নতুন বইয়ের পরিবর্তে পুরাতন বই দিয়েছে। এ নিয়ে তাদের ছেলে মেয়েরা ক্ষোভ প্রকাশ করেছে।

মোমিনপুর এমজিজিএম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনারুল ইসলাম বলেন, নিজেদের সমস্যার কারণে পহেলা জানুয়ারি বই বিতরণ করা সম্ভব হয়নি। এ ছাড়া যাদের পুরাতন বই দেওয়া হয়েছে ফেরত নিয়ে নতুন বই দেওয়া হবে।

গাংনী উপজেলা নির্বাহী অফিসার বিষ্ণুপদ পাল বলেন, বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ না করে প্রধান শিক্ষক আনারুল ইসলাম অপরাধ করেছেন। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া শিক্ষার্থীদের মাঝে নতুন বই দেওয়া হবে।