বদরগঞ্জে ভাতিজা রনজুল হক ভজের লাঠির আঘাতে চাচা মতিয়ার রহমানের (৭০) মৃত্যু হয়েছে। গত বুধবার সকালে উপজেলার লোহানীপাড়া ইউপির মহদিপুর গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, মহদিপুর গ্রামের ফজলে উদ্দিনের ছেলে রনজুলের সাথে চাচা মতিয়ার রহমানের কথা কাটাকাটির এক পর্যায়ে ভাতিজা রনজুল, গুলসান, মিজানুর, মোর্তুজা, ইলিয়াস, তুহিন একজোট হয়ে লাঠি নিয়ে চাচা মতিয়ার রহমানকে বেদম মারপিট করে। এতে মতিয়ার রহমান জ্ঞান হারিয়ে ফেললে এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিত্সক তাকে উন্নত চিকিত্সার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। চিকিত্সাধীন অবস্থায় গত বুধবার রাতেই তার মৃত্যু হয়। সরেজমিনে বৃহস্পতিবার সকালে মতিয়ার রহমানের বাড়িতে গেলে কথা হয়, মতিয়ার রহমানের ছেলে হামিদুল ইসলামের সাথে, তিনি জানান, আমার বাবাকে অন্যায়ভাবে তারা মেরে ফেলেছে। এ ঘটনার আমি সুষ্ঠু বিচার চাই। বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিত্সক ডা. আখতার জাহান আঁখি জানান, মতিয়ার রহমানের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিত্সার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বদরগঞ্জ থানার ওসি আনিছুর রহমান জানান, আমি খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থল পরিদর্শন করেছি। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
