বোনাস বাতিলের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস ফিল্ডের কার্যালয়ে তালা

আপডেট : ০২ জুলাই ২০২০, ২১:২৯

ঈদুল আজহার বোনাস বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেছেন বাংলাদেশ গ্যাস ফিল্ডস্ কোম্পানি লিমিটেডের শ্রমিক-কর্মচারীরা। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে ব্রাহ্মণবাড়িয়া শহরের বিরাসারস্থ বাংলাদেশ গ্যাস ফিল্ডস্ কোম্পানি লিমিটেডের প্রধান কার্যালয়ের সামনে বাংলাদেশ গ্যাস ফিল্ডস্ কোম্পানি এমপ্লয়িজ ইউনিয়নের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি মো. শাহ আলম ও সাধারণ সম্পাদক মো. মুর্শেদুল আলমের নেতৃত্বে শতাধিক শ্রমিক-কর্মচারী বাংলাদেশ গ্যাস ফিল্ডস্ কোম্পানি লিমিটেডের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এছাড়াও শ্রমিক-কর্মচারীরা সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত কর্মবিরতি পালন করেছেন। আগামী চার দিন সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত দুই ঘণ্টা করে কর্মবিরতি পালন করবেন বিক্ষুব্ধরা।