হালুয়াঘাটে হাসপাতালের ড্রেনের পাশ থেকে নবজাতক উদ্ধার

আপডেট : ০২ জুলাই ২০২০, ২১:৩৬

হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ড্রেনের পাশ থেকে এক নবজাতক শিশুকে উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্সের ড্রেনের পাশে পরে থাকা অবস্থায় শিশুটিকে কুকুর কামড়াচ্ছিল।

প্রসূতি ও নবজাতক ইউনিট (ইওসি) এর দায়িত্বে থাকা নার্স মিতালী জানান, ইওসি বিল্ডিংয়ের ড্রেনের পাশে কুকুরের চিত্কার শুনে লোকজন বাচ্চাটাকে দেখতে পান। তখন বাচ্চাটিকে কুকুর ঘিরে রেখেছিল। পরে নবজাতক শিশুটিকে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সুইপার মিনতি সরকার উদ্ধার করেন। নবজাতককে ওয়ার্ডে রেখে অক্সিজেন দেওয়া হচ্ছে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুনির আহমেদ বলেন, নবজাতক ছেলে বাচ্চাটিকে কুকুরে আহত করেছে। তার শরীরিক অবস্থা ক্রমান্বয়ে খারাপের দিকে যাচ্ছে। উন্নত চিকিত্সার জন্য শিশুটিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।