পুঠিয়ায় নকল কসমেটিক তৈরির কারখানার সন্ধান

আপডেট : ০২ জুলাই ২০২০, ২১:৩৭

রাজশাহীর পুঠিয়ার গ্রামে দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের নকল কসমেটিক তৈরির কারখানার সন্ধান পেয়েছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)।

বুধবার রাতে পুঠিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের রামজীবনপুর এলাকার ওই কারখানায় অভিযান চালিয়ে কোটি টাকার নকল কসমেটিক ও উপকরণ জব্দ করা হয়। এ সময় নকল কসমেটিক তৈরির কারখানার মালিক মাসুদ রানাসহ পাঁচ জনকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তিরা হলেন ওই গ্রামের মাসুদ রানা, তার ভাই শফিকুল ইসলাম, মাসুদ রানার স্ত্রী দিলরুবা, একই উপজেলার আবদুল লতিফের স্ত্রী সাবেরা ও জাহিদ।

পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোমানা আক্তারের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় এনএসআই রাজশাহী অফিসের উপপরিচালক মোহাম্মদ সৈয়দ হোসেন ও সহকারী পরিচালক জাহিদ হাসান উপস্থিত ছিলেন।

এনএসআই রাজশাহীর উপপরিচালক মোহাম্মদ সৈয়দ হোসেন জানান, আটক মাসুদ রানা রাজশাহী ছাড়াও ডিলারদের মাধ্যমে দেশের বিভিন্ন জেলায় নকল কসমেটিক সরবরাহ করতেন। জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে মামলা করা হবে।