আলফাডাঙ্গার বানা ইউপি চেয়ারম্যান বরখাস্ত

আপডেট : ০২ জুলাই ২০২০, ২১:৪০

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ৫ নম্বর বানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাদী হুমায়ুন কবির বাবুকে ভিজিডির চাল বিতরণে অনিয়ম ও আত্মসাতের অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বুধবার স্থানীয় সরকার বিভাগের উপসচিব (ইউনিয়ন পরিষদ শাখা) মো. ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক পত্রে এ বরখাস্তের কথা জানা গেছে।

আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুর রহমান বলেন, ২০১৯-২০২০ চক্রের দুস্থ মহিলা উন্নয়ন (ভিজিডি) কর্মসূচির প্রায় ৭.৫৩ মেট্রিক টন (৭ হাজার ৫৩০ কেজি) চাল বিতরণে অনিয়ম ও আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় ৫ নম্বর বানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাদী হুমায়ুন কবির বাবুকে বরখাস্ত করা হয়েছে। তিনি বলেন, দ্রুতই এ আদেশ বাস্তবায়ন করা হবে।

প্রসঙ্গত, গত ১৬ জুন ঘূর্ণিঝড় আম্ফানের জন্য বরাদ্দ চাল আত্মসাতের সময় হাতেনাতে আটক হন ইউপি চেয়ারম্যান হাদী হুমায়ুন কবির বাবু ও ইউপি সচিব মুস্তাফিজুর রহমান। পরে তাদের দুজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ লাখ টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।