সিমন্সকে বরখাস্তের দাবি

আপডেট : ০২ জুলাই ২০২০, ২১:৫২

ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ ফিল সিমন্সকে বরখাস্ত করার দাবি তুলেছেন বারবাডোজ ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান কনডে রিলে। ইংল্যান্ডে টিম হোটেলে ‘জীবাণুমুক্ত’ পরিবেশ থেকে বেরিয়ে শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিয়ে সিমন্স সফরে থাকা বাকি ক্যারিবিয়ানদের ‘জীবন ঝুঁকিতে ফেলেছেন’ বলে মনে করেন এ বোর্ড পরিচালক।

ইএসপিএনক্রিকইনফোর বুধবারের এক প্রতিবেদনে বলা হয়েছে, বোর্ডকে পাঠানো এক ই-মেইলে সিমন্সকে বরখাস্ত করার দাবি জানান রিলে, ‘আমি রেডিওতে শুনলাম, আমাদের প্রধান কোচ ফিল সিমন্স সম্প্রতি একটি শেষকৃত্য অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন এবং এখন কোয়ারেন্টিনে আছেন।

এ খবর যদি সত্যি হয়, তাহলে প্রধান কোচের পদ থেকে তাকে এখনই অপসারণের আহ্বান জানাচ্ছি। উদ্বিগ্ন পরিবার ও বারবাডোজ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সদস্যরা আমাকে চাপ দিচ্ছে। অবিবেচকের মতো কাজ করেছে কোচ। যুক্তরাজ্যে থাকা ২৫ ক্রিকেটার ও ম্যানেজমেন্টের সব সদস্যের জীবনকে ঝুঁকিতে ফেলেছে, যা মানা যায় না।’ ওয়েস্ট ইন্ডিজের ১৪ সদস্যের টেস্ট দলের ৯ জন ও ১১ রিজার্ভ খেলোয়াড়ের চার জন বারবাডোজের।

সিমন্স হোটেল ছেড়ে গত শুক্রবার তার শ্বশুরের শেষকৃত্যে যোগ দিয়েছিলেন। সেখান থেকে ফিরে হোটেল কক্ষেই সেলফ-আইসোলেশনে আছেন তিনি। অনুমতি নিয়েই তিনি শেষকৃত্যে অংশ নিয়েছিলেন বলে বোর্ডের পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়েছিল তখন।