পুলিশে আক্রান্ত ১১ হাজার ছাড়াল মৃত্যু ৪৫

আপডেট : ০২ জুলাই ২০২০, ২২:১৭

মহামারি করোনা ভাইরাসে জনগণের সুরক্ষা নিশ্চিতে পুলিশে করোনায় আক্রান্তের সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে। গতকাল পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৭৩ জন পুলিশ সদস্য, যা একক পেশা হিসেবে সর্বোচ্চ। পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, বৈশ্বিক মহামারি করোনায় সম্মুখযোদ্ধা হিসেবে শুরু থেকেই ডাক্তার-নার্সসহ স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি কাজ করছেন পুলিশ সদস্যরা। যে কারণে দ্রুতই অনেকে সংক্রমিত হয়েছেন। তবে মোট আক্রান্তের মধ্যে ৬ হাজার ৯৬৮ পুলিশ সদস্য সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। পুলিশ সদর দপ্তর ও বিভিন্ন ইউনিটের তথ্য অনুযায়ী, করোনায় পুলিশে মোট আক্রান্ত ১১ হাজার ৭৩ সদস্য, যা গত ১ জুন ছিল ১০ হাজার ৯৫৮ জন। অর্থাত্ গত ২৪ ঘণ্টায় আক্রান্ত বেড়েছে ১১৫ জন।

তবে মোট আক্রান্তের মধ্যে একক হিসেবে পুলিশের সব ইউনিটকে ছাড়িয়ে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বুধবার পর্যন্ত ডিএমপিতে কর্মরতদের মধ্যে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৩০৩ সদস্য। সুস্থ হওয়া পুলিশ সদস্যদের অনেকেই জনগণের সেবায় আবারও কাজে যোগ দিয়েছেন। পুলিশের তত্ত্বাবধানে পরিচালিত হাসপাতালগুলোর উন্নত ও মানসম্মত চিকিত্সা ও সেবায় সুস্থতার হার দ্রুত বাড়ছে।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) সোহেল রানা জানিয়েছেন, এ পর্যন্ত বাংলাদেশ পুলিশের ৪৫ গর্বিত সদস্য চলমান করোনাযুদ্ধে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে জীবন উত্সর্গ করেছেন।