রংপুর মহানগরিতে গতকাল বৃহস্পতিবার বাম জোটের সংবাদ সম্মেলন পণ্ড করে দিয়েছে পুলিশ। গতকাল দুপুরে রংপুর সুমি কমিউনিটি সেন্টারে এ কর্মসূচির আয়োজন করে বাম জোট। সরকারি পাটকলকে ব্যক্তি মালিকের হাতে তুলে দেওয়া ও করোনা পরীক্ষায় ফি আরোপের সিদ্ধান্তের প্রতিবাদে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রংপুরে বাম গণতান্ত্রিক জোটের অবস্থান কর্মসূচি পালনের কথা থাকলেও পুলিশের বাধায় তা করতে পারেনি। প্রশাসনের এই অগণতান্ত্রিক আচরণের প্রতিবাদে জোটের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। কিন্তু পুলিশ প্রশাসন সংবাদ সম্মেলনেও বাধা প্রদান করে।
