সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে জিরো টলারেন্সের ঘোষণা দিয়েছেন মানিকগঞ্জের পুলিশ সুপার (এসপি) রিফাত রহমান শামীম পিপিএম। যোগদানের দুই বছরে পুলিশ সুপারের দিকনির্দেশনায় জেলা পুলিশ সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে সাফল্য দেখিয়েছে। রাজনৈতিক পরিচয় ব্যবহারকারী মদতদাতা যে কেউই অপরাধ করলে তাকে আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে। সম্প্রতি বিট পুলিশিং কার্যক্রম জেলাব্যাপী ওয়ার্ডে ওয়ার্ডে ছড়িয়ে পড়ছে। এতে প্রত্যন্ত অঞ্চলের জনগণ নিকটস্থ বিট পুলিশিং কার্যালয় থেকে কার্যত সমাধান পাবে। থানা পর্যন্ত আসতে হচ্ছে না। সম্প্রতি পৌর এলাকার পরিবহন থেকে চাঁদা আদায়ের বিষয়টি শক্ত হাতে প্রতিহত করার পর থেকে জেলা পুলিশ নতুন করে আলোচনায় আসে।
এদিকে মানিকগঞ্জে দীর্ঘদিন ধরেই অবৈধভাবে বালুর রমরমা ব্যবসা চলে আসছিল। পুলিশ প্রশাসনের কড়া অবস্থানে জনসাধারণের আস্থা বেড়েছে। মাদকের ক্ষেত্রে জেলা পুলিশ উল্লেখযোগ্য ভূমিকা দেখিয়েছে। এ বিষয়ে মানিকগঞ্জের পুলিশ সুপার রিফাত রহমান শামীম বলেন, জেলার আইনশৃঙ্খলার অবনতি হয় এমন কোনো কাজ যেই করুক, সে যে দলেরই হোক ছাড় দেওয়া হবে না। নিরাপত্তার স্বার্থে জেলা শহরসহ পুরো জেলা সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে।
