রাজশাহীতে করোনা ও উপসর্গে একরাতে ৫ জনের মৃত্যু

আপডেট : ০৩ জুলাই ২০২০, ২০:৩৪

রাজশাহীতে করোনায় কলেজ শিক্ষকসহ দুইজন এবং করোনা উপসর্গে ব্যাংকারসহ তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতের বিভিন্ন সময়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। এরমধ্যে রাত সাড়ে ১১টায় করোনায় নগরীর শাহ্ মখদুম থানার জিয়াপার্ক এলাকার সেলিম মৃধা (৫০) এবং রাত পৌণে ২টায় রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজের ভূগোল বিভাগের প্রধান অধ্যাপক মাহাবুবে খোদার (৫০) মৃত্যু হয়।

অন্যদিকে করোনা উপসর্গে রাতে সোয়া ১২টায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) প্রিন্সিপাল অফিসার ও নগরীর মহিষবাথান এলাকার এখলাসুর রহমান (৪০), রাত সাড়ে ৮টায় নগরীর বোয়ালিয়া থানার রামচন্দ্রপুর এলাকার আশরাফ আলীর স্ত্রী শামীমা বেগম (৪৮) এবং শেষ রাতে নগরীর তেরখাদিয়া এলাকার মেরাজুল ইসলাম (৪০) মারা যান।

রামেক হাসপাতাল সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শামীমা বেগম জ্বর ও শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন। হাসপাতালের ২৯ নং করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়। মারা যাওয়ার পর পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়।

রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বলেন, করোনা উপসর্গে মৃত তিনজের নমুনা সংগ্রহ করা হয়েছে। মেরাজুল, শামীমা বেগম ও সেলিম মৃধাকে স্বাস্থ্যবিধি মেনে কোয়ান্টাম ফাউন্ডেশন নগরীতে দাফন করেছে। করোনায় মৃত শিক্ষক মাহাবুবে খোদাকে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে এবং উপসর্গে মৃত ব্যাংকার এখলাসুর রহমানকে তার গ্রামের বাড়ি মাগুরায় দাফন করা হয়েছে।

রাজশাহীর সিভিল সার্জন ডা. এনামুল হক জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে করোনায় মৃত দুইজনকে নিয়ে রাজশাহীতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ জনে। জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ৯১০ জন। এর মধ্যে রাজশাহী সিট এলাকায় ৬৫০ জন। জেলা ও মহানগরে পর্যন্ত সুস্থ হয়েছেন ১১৪ জন।

ইত্তেফাক/এসি