শীর্ষস্থান সুসংহত করেও সতর্ক রিয়াল

আপডেট : ০৩ জুলাই ২০২০, ২০:৫৮

স্পোর্টস ডেস্ক

গেটাফে চেষ্টার কোনো কমতি করেনি। তবে শেষ পর্যন্ত অবশ্য ফেভারিট রিয়াল মাদ্রিদ রুখতে পারেনি তারা। দারুণ এক জয়ে লা লিগার শিরোপা লড়াইয়ে এক ধাপ এগিয়ে গেছে জিনেদিন জিদানের দল। যদিও কোচ এমন জয়ের পর দলকে সতর্ক করে দিলেন। আলফ্রেডো ডি স্টেফানো স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতে লিগ ম্যাচটি ১-০ গোলে জিতেছে রিয়াল। স্পেনের সফলতম দলটির জয়সূচক গোলটি করেন সার্জিও রামোস।

৩৩ ম্যাচে ২২ জয় ও আট ড্রয়ে রিয়ালের পয়েন্ট হলো ৭৪। শিরোপা ধরে রাখার মিশনে বেশ খানিকটা পিছিয়ে পড়া বার্সেলোনার পয়েন্ট ৭০। সমান ৩৩ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে  গেটাফে। ম্যাচে রিয়ালের গোলের অপেক্ষা শেষ হয় ৭৯তম মিনিটে। পেনাল্টি থেকে ঠান্ডা মাথায় নিখুঁত স্পট কিকে গোলটি করেন রামোস। আসরে রিয়াল অধিনায়কের এটি নবম গোল, দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ। শেষ ১১ ম্যাচে এটি তার ষষ্ঠ  গোল।

করোনা ভাইরাসের কারণে চলে আসা অনাকাঙ্ক্ষিত বিরতির পর পুনরায় শুরু হওয়া লিগে ছয় ম্যাচ খেলে সব কটিতে জিতল রিয়াল। ২০১৬-১৭ মৌসুমের পর এই প্রথম টানা ছয় ম্যাচ জিতল তারা। তবুও সতর্কতার কোনো কমতি নেই রিয়াল কোচ জিদানের। বলে দিয়েছেন, ‘আমরা এখনো কিছুই জিতিনি। সুতরাং মানসিকতা কিংবা খেলায় কোনো ঢিল দেওয়া যাবে না। যতক্ষণ পর্যন্ত গাণিতিকভাবে আমরা চ্যাম্পিয়ন না হচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমাদের থামা যাবে না। নিজেদের খেলা চালিয়ে যেতে হবে।’

বিশেষ করে বার্সেলোনার ব্যাপারে ফরাসি এই কোচের সতর্কতার কোনো কমতি নেই,‘আমাদের প্রতিদ্বন্দ্বীরা ম্যাচ জেতার জন্য সবকিছু করে যাচ্ছে। সুতরাং, কোনো কিছুতেই আমরা নিশ্চিত হয়ে গেছি, তা কোনোভাবেই বলা যাবে না। একজন খেলোয়াড় হিসেবে এই অভিজ্ঞতাও আমার আছে। আসলে আমরা তো সত্যিকারার্থে কিছুই জিতিনি।’