এএফসি কাপে বসুন্ধরা কিংস

অভিযান শুরু ২৩ অক্টোবর

আপডেট : ০৩ জুলাই ২০২০, ২১:০০

সোহেল সারোয়ার চঞ্চল

এএফসি কাপ ফুটবল নিয়ে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস একটা টেনশনে ছিল। কবে খেলা হবে, কোথায় খেলা হবে, কবে অনুশীলন শুরু হবে—নানা কিছু নিয়ে টেনশন কাজ করছিল। আপাতত একটা টেনশন থেকে মুক্ত হয়েছে তারা। এএফসি জানিয়েছে কবে এবং কখন খেলা হবে। আগামী ২৩, ২৬, ২৯ অক্টোবর এবং ১ ও ৪ নভেম্বর এএফসি কাপের দক্ষিণ এশিয়ান জোনের গ্রুপ পর্বের বাকি খেলাগুলো হবে বলে এএফসি তারিখ ঘোষণা করেছে। আগে জানানো হয়েছিল—অক্টোবর এবং নভেম্বরে খেলা হবে সেটা এএফসির সঙ্গে গ্রুপ পর্বের ক্লাবগলোর সঙ্গে ভার্চুয়াল মিটিংয়েই সিদ্ধান্ত হয়েছিল। ভারতের চেন্নাইন সিটি এফসি, মালদ্বীপের টিসি স্পোর্টস ক্লাব এবং মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন এবং বাংলাদেশের বসুন্ধরা কিংস আলোচনা করে জানিয়েছিল তারা এক ভেন্যুতেই খেলবে। কোডিভ-১৯ এর কারণে সারা দুনিয়া জুড়ে যে আতঙ্ক সৃষ্টি হয়েছে তার কারণেই এক ভেন্যুতে খেলতে রাজি চার ক্লাব। হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিটি বাতিল করা হয়। গতকাল বাফুফে জানিয়েছে বুধবার এএফসি বসুন্ধরার ম্যাচের তারিখ ঘোষণা করেছে। সঙ্গে এটাও জানিয়েছে এক ভেন্যুতে খেলা আয়োজন করতে কেউ আগ্রহী কিনা। বাংলাদেশকেও আমন্ত্রণ জানিয়েছে এএফসি। প্রথমবার যখন ভার্চুয়াল মিটিংয়ে কথা উঠে তখনই বসুন্ধরা কিংস আগ্রহ দেখায়নি। বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান জানিয়েছিলেন, তারা ম্যাচ আয়োজন করতে চান না। করোনার এই সময়ে স্বাগতিক হওয়ার মতো প্রস্তুতি তাদের নেই। আরো কিছু বিষয় বিবেচনা করে পিছিয়ে গিয়েছিলেন। তবে ম্যাচ আয়োজন করতে জানাতে ১৭ জুলাইয়ের মধ্যে সময় বেঁধে দিয়েছে এএফসি। সঙ্গে শর্ত জুড়ে দিয়েছে। বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বললেন, ‘আমাদের কাছে মাত্রই প্রস্তাব এসেছে। আমরা বসুন্ধরাকে পাঠিয়েছি। তারা গ্রুপ ম্যাচ আয়োজন করতে চায় কি না, সেটা জানানোর সময় আছে।’

ম্যাচ আয়োজনে কী কী শর্ত দিয়েছে এএফসি ? প্রথম কথাই হচ্ছে দেশের বাইরের যে তিনটি ক্লাব আসবে তাদের খেলোয়াড়, কোচ কর্মকর্তাসহ যারা থাকবেন তাদের সবার কোভিড-১৯ পরীক্ষা করার দায়িত্ব স্বাগতিক দেশের। ম্যাচ কমিশনার, রেফারিসহ এএফসির যেসব অফিসিয়াল আসবেন তাদেরও কোভিড-১৯ এর পরীক্ষা করতে হবে। শুধু তাই নয়, যখন খেলা হবে তখন দেশের কোভিড-১৯ এর পরিস্থিতি কি সেটাও জানাতে হবে। বিদেশি দলগুলো আসতে বিমান পথে ভ্রমণ নিষেধাজ্ঞা রয়েছে কিনা। ২০২১ সালের এএফসি কাপের লাইসেন্সিংয়ের জন্য প্রিমিয়ার লিগের ৯ ক্লাব আবেদন করেছে।