বিচারকসহ ১৪ কর্মকর্তা-কর্মচারী করোনা আক্রান্ত

হবিগঞ্জে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কার্যক্রম স্থগিত

আপডেট : ০৩ জুলাই ২০২০, ২১:২৭

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জে একজন বিচারকসহ ১৪ কর্মকর্তা-কর্মচারীর করোনা পজিটিভ হওয়ায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের স্বাভাবিক কার্যক্রম স্থগিত করা হয়েছে। শুক্রবার থেকে আগামী ১১ জুলাই পর্যন্ত এ আদেশ বহাল থাকবে। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তানিয়া কামাল বৃহস্পতিবার এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক রুহুল হাসান শরীফ জানান, আদালতের স্বাভাবিক কার্যক্রম স্থগিত করা হয়েছে। তবে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। অফিসে মানুষের যাতায়াত বন্ধ থাকবে। অনেকটা সাধারণ ছুটির মতোই। একজন বিচারকসহ ১৪ জন কর্মকর্তা-কর্মচারী করোনা পজিটিভ হওয়ায় এ আদেশ দেওয়া হয়েছে জানান তিনি।

৯ পুলিশ সদস্যসহ ১৩ জন আক্রান্ত 

হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা জানান, হাতিয়ায় ৯ জন নৌ-পুলিশ, একজন শিক্ষক, দুই জন ব্যাংক কর্মকর্তা ও একজন এনজিও কর্মকর্তাসহ নতুন করে আরো ১৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩৮ জন। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডাক্তার নিজাম উদ্দিন মিজান। উপসর্গ থাকায় গত মঙ্গলবার হাতিয়া থেকে ২৫ জনের নমুনা পাঠানো হয় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল্যাবে। শুক্রবার সকালে মেইলে ২৫ জনের নমুনার ফলাফল পাঠানো হয় হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এতে ১৩ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া যায়। নতুন আক্রান্ত ১৩ জন হলো—হাতিয়ার নলচিরা নৌ-পুলিশের ৯ সদস্য, বুড়িরচর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের এক স্কুল শিক্ষক, দ্বীপ উন্নয়ন সংস্থার একজন কর্মকর্তা ও দুই জন ব্যাংক কর্মকর্তা।