নির্বাচন অনুষ্ঠানের তিন দিনের মধ্যে শপথ নিয়েছেন একাদশ জাতীয় সংসদের সংসদ সদস্যগণ। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে এ শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবিধানের ১৪৮ অনুচ্ছেদ (তৃতীয় তফসিলের ৫ অনুচ্ছেদ) এবং জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির ৫ বিধি মোতাবেক নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জাতীয় সংসদের বিধিমালা অনুযায়ী প্রথমে নিজে শপথ গ্রহণ করেন এবং শপথ বইয়ে স্বাক্ষর করেন। স্পিকার শপথ বাক্য পাঠ করার পর প্রধানমন্ত্রী দাঁড়িয়ে উঠে করতালি দেন। এবারের নির্বাচনেও রংপুর-৬ আসন থেকে নির্বাচিত হয়েছেন তিনি।
প্রথমে সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগ এবং তাদের শরিক দলের কয়েকজন শপথ নেন। স্পিকার প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান। এরপর পৃথক অনুষ্ঠানে এইচএম এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি (এ), আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় পার্টি (জেপি), বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), বিকল্পধারা বাংলাদেশ, তরিকত ফেডারেশন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত সংসদ সদস্যগণ শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণ শেষে সকলে শপথ বইয়ে স্বাক্ষর করেন। আইন মেনে ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে থেকে দেশের আইন সভার সদস্য হিসেবে দায়িত্ব পালনের শপথ নিয়েছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যরা। জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। একাদশ সংসদের এমপিরা নিজ নিজ নাম উচ্চরণ করে স্পিকারের সঙ্গে পড়তে থাকেন- ‘সশ্রদ্ধচিত্তে শপথ (বা দৃঢ়ভাবে ঘোষণা) করিতেছি যে, আমি যে কর্তব্যভার গ্রহণ করিতে যাইতেছি, তাহা আইন-অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত পালন করিব; আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব; এবং সংসদ-সদস্যরূপে আমার কর্তব্য পালনকে ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হইতে দেব না।’
বেলা ১১টা ৩ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি গোলাপী এবং ধূসর রংয়ের জামদানী শাড়ি পরিধান করে শপথকক্ষে প্রবেশ করেন। বাংলাদেশ নির্বাচন কমিশন গত মঙ্গলবার একাদশ জাতীয় সংসদের ২৯৮টি আসনের নবনির্বাচিত সংসদ সদস্যদের নাম এবং পূর্ণাঙ্গ ঠিকানা সম্বলিত গেজেট নোটিফিকেশন প্রকাশ করে। জাতীয় সংসদের মোট ৩শ আসনের মধ্যে ২৯৯টি আসনে গত রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়। এর আগে নির্বাচনে অংশগ্রহণকারী এক প্রার্থীর মৃত্যুর কারণে গাইবান্ধা-৩ আসনের ভোট গ্রহণ স্থগিত করা হয়। নির্বাচনের দিন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের তিনটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত হওয়ায় ঐ আসনের ফলাফল ঘোষণা করা হয়নি।
নির্বাচনের ফলাফল অনুযায়ী আওয়ামী লীগ ২৫৭, এইচএম এরশাদ নেতৃত্বাধীন জাতীয় পার্টি (এ) ২২, বিএনপি ৫, ওয়ার্কার্স পার্টি ৩, আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় পার্টি (জেপি) ১, জাতীয় সমাজতান্ত্রিক দল ২, বিকল্পধারা বাংলাদেশ ২ এবং তরিকত ফেডারেশন একটি আসনে জয়লাভ করে। এছাড়া গণফোরাম ২ এবং স্বতন্ত্র প্রার্থীগণ ৩টি আসনে জয়লাভ করে। সাধারণত নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্যগণের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়ে থাকে। বিএনপি ও তাদের জোট ঐক্যফ্রন্টের কেউ শপথ নেননি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি হিসেবে শপথ নেওয়ার পর তাঁর হাতে শুভেচ্ছার ফুল তুলে দেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। শপথ গ্রহণ শেষে শেখ হাসিনা সংসদ ভবনের ভিআইপি ক্যাফেটেরিয়ায় যান এবং সেখানে তিনি দীর্ঘ সময় শপথ গ্রহণকারী নবনির্বাচিত সংসদ সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় নড়াইল দুই আসন থেকে নির্বাচিত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মোর্তজার সঙ্গে কিছুক্ষণ কথা বলেন। তিনি মোর্তজাকে বলেন, আবার কখন খেলার অনুশীলন শুরু করবে? জবাবে মোর্তজা বলেন, আপা আমি দুই-একদিনের মধ্যেই প্রাকটিস শুরু করবো।
