দোহারের সড়কে খানাখন্দ হেঁটে চলা দায় দুর্ভোগ

আপডেট : ০৩ জুলাই ২০২০, ২২:২৬

সংস্কারের দাবি এলাকাবাসীর

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা

দোহার উপজেলার কুসুমহাটি ইউনিয়নের নতুন ব্রিজ থেকে কার্তিকপুর সাঈদ মার্কেট পর্যন্ত এলজিইডির গুরুত্বপূর্ণ প্রায় ১ কিলোমিটার সড়ক খানাখন্দে ভরা। সামান্য বৃষ্টিতেই পানি জমে তা আরো ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। ফলে কুসুমহাটি ও মাহমুদপুর ইউনিয়নের বাসিন্দাদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। স্থানীয়দের দাবি-দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না হওয়ায় এ বেহাল দশার সৃষ্টি হয়েছে। তাদের অভিযোগ-১৪ বছর আগে সড়কটি পাকা করা হলেও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি। বিশেষ করে গত প্রায় আট বছর ধরে সড়কটি চলাচলের জন্য অনুপোযোগী হয়ে পড়েছে। অথচ কার্তিকপুর বাজার, কার্তিকপুর উচ্চবিদ্যালয়, জয়পাড়া, আবু বকর সিদ্দিক কিন্ডারগার্ডেনসহ বিভিন্ন স্থানে যাতায়াতের জন্য কুসুমহাটি ও মাহমুদপুর ইউনিয়নের বাসিন্দাদের একমাত্র সড়ক এটি।

কার্তিকপুর উচ্চবিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, সড়কের যে অবস্থা তাতে স্কুলে যাতায়াত করতে অনেক কষ্ট হয়। সড়কটি সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। একজন শিক্ষক বলেন, বৃষ্টি হলে এ সড়কে পায়ে হাঁটা দায়। স্কুলে যাতায়াত করতে অনেক সমস্যা হয়। অনেক পথ ঘুরে অন্য সড়ক দিয়ে যাতায়াত করতে গিয়ে সময় নষ্ট হয়। জনস্বার্থে সড়কটি দ্রুত সংস্কার জরুরি। এলাকার একাধিক ব্যক্তি জানান, সাধারণ লোকজন যে যার মতো করে যাতায়াত করলেও অসুস্থ রোগীকে হাসপাতালে নিতে দারুণ বেগ পেতে হয়।

কুসুমহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন আজাদ জানান, সড়কটি সংস্কারের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। আশাকরি অতিদ্রুত সংস্কারের কাজ শুরু হবে।

দোহার উপজেলা প্রকৌশলী হানিফ মো. মুর্শিদি বলেন, সড়কটির মাঝপথে একটি নতুন ব্রিজ নির্মাণে কাজ চলছে। কাজ শেষ হলেই চলতি অর্থ বছরের মধ্যেই সড়ক সংস্কারের কাজ দ্রুত বাস্তবায়ন করা হবে।