মেস ভাড়া :অমানবিক আচরণ বন্ধের আহ্বান ছাত্রলীগের

আপডেট : ০৩ জুলাই ২০২০, ২২:২৭

বিশ্ববিদ্যালয় রিপোর্টার

করোনা প্রাদুর্ভাবের কারণে মেস ভাড়া দিতে না পারায় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের সঙ্গে অমানবিক আচরণের প্রতিবাদ জানিয়েছে ছাত্রলীগ। এসংক্রান্ত সমস্যা সমাধানে সংগঠনের পাঁচ নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বা?ড়ি ভাড়া দিতে বিলম্ব হওয়ায় বিনা নোটিশে কয়েকজন শিক্ষার্থীর সার্টিফিকেটসহ মূল্যবান জিনিসপত্র ভাগাড়ে ফেলে দেওয়া হয়েছে, যা কখনই কাম্য নয়। এসব ঘটনায় বাংলাদেশ ছাত্রলীগ পরিবার তীব্র নিন্দা জ্ঞাপন করছে। বাংলাদেশ ছাত্রলীগ মনে করে, শিক্ষার্থীদের সঙ্গে উক্ত অমানবিক আচরণ তাদের সম্ভাবনাময় ভবিষ্যতের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে।

একই সঙ্গে শিক্ষার্থীদের যেকোনো যৌক্তিক বিষয়ে সুষ্ঠু সমাধানের জন্য ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের পাঁচ জন সম্পাদকের সঙ্গে যোগাযোগের জন্য বলা হয়েছে। তারা হলেন—ছাত্রলীগের সমাজসেবা সম্পাদক শেখ স্বাধীন শাহেদ : ০১৭২৩৬০৯১৫৭, উপসমাজসেবা সম্পাদক হাসানুর রহমান হাসু : ০১৭০৩৯৮৫৪০১, তৌকির আহম্মেদ তপু : ০১৯১২২৩১১৭৫, আহমেদ নাসিম ইকবাল : ০১৭৭৩৯৭৫২৭৭, শেখ সাঈদ আনোয়ার সিজার: ০১৭১৩৬৩৩২৭৯।