হংকং ইস্যুতে নিষেধাজ্ঞা বিল নিয়ে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি চীনের

আপডেট : ০৩ জুলাই ২০২০, ২২:৫২

হংকং নিরাপত্তা আইনের সঙ্গে জড়িত চীনা কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটির কংগ্রেসে এ সংক্রান্ত একটি বিল পাশ হয়েছে। এরপরই চীন হুঁশিয়ারি দিয়েছে, এই বিল আইনে পরিণত হলে বেইজিংও পালটা কড়া পদক্ষেপ নেবে। চীন হংকংয়ে এক জন কট্টরপন্থি নিরাপত্তা প্রধান নিয়োগ দিয়েছেন। খবর বিবিসি ও আলজাজিরার

মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের পর উচ্চকক্ষ সিনেটেও ‘হংকং অটোনমি অ্যাক্ট’ পাশ হয়েছে। স্বাক্ষরের জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে পাঠানো হয়েছে। এতে প্রেসিডেন্ট ট্রাম্প স্বাক্ষর করলেই আইনে পরিণত হবে। বিলে যেসব চীনা কর্মকর্তা নিরাপত্তা আইনের সঙ্গে জড়িত তাদের সঙ্গে কোনো ব্যাংক লেনদেন করতে পারবে না। চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের পররাষ্ট্র বিষয়ক কমিটি বলেছে, যুক্তরাষ্ট্রের পদক্ষেপ চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। ওয়াশিংটন যদি ভুল পথে যায় তাহলে বেইজিংও পালটা পদক্ষেপ নেবে।

এদিকে হংকংয়ে নতুন নিরাপত্তা প্রধান হিসেবে ঝেং ইয়ানজিয়ংকে নিয়োগ দিয়েছে বেইজিং। তিনি চীনের দক্ষিণাঞ্চলীয় গ্রাম উকানে বিক্ষোভকারীদের দমনের জন্য পরিচিত। তিনি তার কাজের জন্য কেবল বেইজিংয়ের কাছেই জবাবদিহি করবেন। অন্যদিকে হংকংয়ের গণতন্ত্রপন্থি নেতা নাথান ল পালিয়ে গেছেন। ২৬ বছর বয়সি ঐ নেতা জানান, তিনি বুধবার মার্কিন কংগ্রেসের শুনানিতে লাইভস্ট্রিমে যোগ দিয়েছিলেন। তাই নিরাপত্তার শঙ্কায় তিনি পালিয়েছেন। তবে কোথায় গেছেন তা বলেননি।