সাউদাম্পটন টেস্টে নেই মঈন-বেয়ারস্টো

আপডেট : ০৪ জুলাই ২০২০, ২১:০২

আশঙ্কামুক্ত স্যাম কুর্যান

ইংল্যান্ড টেস্ট স্কোয়াড :

বেন স্টোকস (অধিনায়ক), জেমস অ্যান্ডারসন, জোফরা আর্চার, ডোমিনিক বেস, স্টুয়ার্ট ব্রড, ররি বার্নস, জশ বাটলার, জ্যাক ক্রাওলি, জো ডেনলি, ওলি পোপ, ডম সিবলি, ক্রিস ওকস, মার্ক উড।

রিজার্ভ :জেমস ব্র্যাকি, স্যাম কুর্যান, বেন ফোকস, ড্যান লরেন্স, জ্যাক লিচ, সাকিব মাহমুদ, ক্রেইগ ওভারটন, ওলি রবিনসন, ওলি স্টোন।

 স্পোর্টস ডেস্ক

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের উদ্বোধনী ম্যাচে থাকছেন না ইংল্যান্ডের উইকেটরক্ষক-ব্যাটসম্যান জনি বেয়ারস্টো ও অলরাউন্ডার মঈন আলী। আট জুলাই থেকে শুরু হওয়ার অপেক্ষায় থাকা টেস্টের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। একই সঙ্গে জানান হয়েছে রিজার্ভ থাকা নয় ক্রিকেটারের নাম। রিজার্ভ তালিকায় আছে স্যাম কুর্যানের নামও। অসুস্থতা অনুভব করায় সেলফ-আইসোলেশনে থাকা কুর্যানের করোনা ভাইরাস পরীক্ষায় নেগেটিভ এসেছে। ইসিবি জানায়, কুর্যানের ডায়রিয়া হয়েছে এবং অসুস্থ অনুভব করছেন। পরে সেদিনই তার কোভিড-১৯ পরীক্ষা করা হয়। শুক্রবার পরীক্ষার ফল এলে স্বস্তি ফেরে ইংল্যান্ড শিবিরে।

নিজেদের মধ্যে খেলা তিন দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিন বুধবার খেলেন কুর্যান। ব্যাটিংয়ে অপরাজিত ছিলেন ১৫ রানে। কিন্তু পরদিন অসুস্থতায় আর মাঠে নামেননি। আগামী দুই-এক দিনের মধ্যেই অনুশীলনে ফিরবেন কারান। এ সময় দলীয় চিকিত্সক তার অবস্থা পর্যবেক্ষণ করবেন। ইংল্যান্ড দলের সবার সঙ্গে আজ রবিবার আরো একবার কোভিড-১৯ পরীক্ষা করানো হবে কুর্যানের।

আগামী ৮ জুলাই সাউদাম্পটনে শুরু হবে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম টেস্ট। এর মধ্যদিয়ে অনাকাঙ্ক্ষিত বিরতি শেষে আবারও আন্তর্জাতিক ক্রিকেট মাঠে গড়াচ্ছে। ইংল্যান্ডের নেতৃত্বে থাকবেন বেন স্টোকস।

দ্বিতীয় সন্তানের জন্ম উপলক্ষ্যে থাকতে পারবেন না নিয়মিত অধিনায়ক জো রুট। তবে ম্যানচেস্টারে দ্বিতীয় টেস্টেও আগেই তিনি ফিরবে। দ্বিতীয় টেস্ট শুরু হবে ১৬ জুলাই।