গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধায় একদিনে সর্বোচ্চ সংখ্যক ১০৫ জন করোনা ভাইরাসে আক্রান্তের ফলাফল পাওয়া গেছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৩৯৩ জন। শনিবার গাইবান্ধা জেলা প্রশাসকের পক্ষে সহকারী কমিশনার শাহীন দেলোয়ার স্বাক্ষরিত এক প্রেস রিলিজে এই তথ্য জানানো হয়। সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ জানান, গত ১৫ জুন থেকে ২৫ জুন পর্যন্ত জেলার সাত উপজেলায় সংগৃহিত ৫৫৩টি নমুনা এবং পরবর্তী সময়ে আরো ২৮টি নমুনাসহ মোট ৫৮১টি নমুনা ঢাকা, বগুড়া ও রংপুর পিসিআর ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়। শুক্রবার রাতে একসঙ্গে ঐ ৫৮১ নমুনা ফলাফল পাওয়া যায়। তাতে ১০৫ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়।
এদের মধ্যে পলাশবাড়ীতে ১০ জন, ফুলছড়িতে সাত জন, সাদুল্লাপুরে তিন জন, গাইবান্ধা সদরে ২৫ জন, সুন্দরগঞ্জে ১০ জন, সাঘাটায় সাত জন ও গোবিন্দগঞ্জ উপজেলায় ৪৩ জন রয়েছেন।
