বিশেষ প্রতিনিধি
করোনা পরিস্থিতিতে দায়িত্ব পালন করতে গিয়ে এ পর্যন্ত বাংলাদেশ পুলিশের ১১ হাজারের বেশি সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল শনিবার পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়, এ পর্যন্ত ১১ হাজার ৩০২ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধে?্য মারা গেছেন ৪৪ জন। তবে সর্বশেষ তথ্য অনুযায়ী, আক্রান্ত পুলিশ সদস্যদের মধ্যে ৭ হাজার ৩২৭ জন সুস্থ হয়েছেন। আর একক ইউনিটের মধ্যে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) সর্বোচ্চ ২ হাজার ৩১৮ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।
পুলিশের আরো ৪ হাজার ৬৭৩ জন সদস্য করোনার উপসর্গ নিয়ে আইসোলেশন ইউনিটে রয়েছেন। আক্রান্তদের সংস্পর্শে এসে কোয়ারেন্টাইনে আছেন ১২ হাজার ২৬ জন। পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) সোহেল রানা জানিয়েছেন, করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, বিভাগীয় পুলিশ হাসপাতাল ছাড়াও রাজধানী এবং বিভাগীয় শহরে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন বেসরকারি হাসপাতালে চিকিত্সা দেওয়া হচ্ছে।
