পাটশিল্প রক্ষায় প্রধানমন্ত্রীকে আহ্বান জাসদের

আপডেট : ০৪ জুলাই ২০২০, ২২:১৫

ইত্তেফাক রিপোর্ট

রাষ্ট্রায়ত্ত ২৫টি পাটকল বন্ধ করে দেওয়া ও পিপিপির অধীনে পরিচালনার সিদ্ধান্তের সমালোচনা করেছেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার। নিজ হাতে গলাটিপে পাটশিল্পকে মেরে ফেলা ও সত্কারের আয়োজন থেকে ফিরে আসার জন্য তারা প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান। গতকাল এক যুক্ত বিবৃতিতে এ আহ্বান জানান তারা। ইনু-শিরীন বলেন, বিমান বা বিদ্যুতের কুইক রেন্টালসহ বড় লোকসানি খাতে প্রতি বছর যে পরিমাণ লোকসান বা অর্থনীতির রক্তক্ষরণ হচ্ছে তা পাটশিল্পের ৫০ বছরের পুঞ্জীভূত লোকসানের চেয়েও বেশি। সরকারের পিপিপির অধীনে পাটকলগুলো চালু করার সদিচ্ছাও আদমজীর মতো হরিলুটের খেলায় হারিয়ে যাবে। পাটকলগুলো বন্ধ করার সিদ্ধান্ত থেকে সরে এসে প্রতিটি পাটকারখানাকে একটি এন্টারপ্রাইজ হিসেবে পরিচালনার জন্য সরকার ও শ্রমিকের প্রতিনিধির সমন্বয়ে নতুন ব্যবস্থাপনায় পরিচালনার পাইলট প্রজেক্ট গ্রহণের দাবি জানান জাসদ নেতৃত্ব।