ঈদের আগে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করতে হবে

আপডেট : ০৪ জুলাই ২০২০, ২২:৩৯

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি করোনা সংক্রমণের বিস্তার রোধে তৈরি  পোশাকশিল্প ও অন্যান্য শিল্পসমূহ ঈদের আগে পর্যায়ক্রমে ছুটি প্রদানে বিজেএমইএ এবং বিকেএমইএ’র প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘আমি সংক্রমণের বিস্তার রোধে তৈরি পোশাকশিল্পসহ অন্যান্য শ্রমঘন শিল্পসমূহে ঈদের আগে পর্যায়ক্রমে ছুটি প্রদানে বিজিএমই এবং বিকেএমই-এর দৃষ্টি আকর্ষণ করছি। ঈদের আগেই শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধে মালিকগণ বরাবরের মতো এবারো সহমর্মিতার নজির স্থাপন করবেন বলে আমার বিশ্বাস।’

গতকাল শনিবার ওবায়দুল কাদের তার সংসদ ভবনস্থ সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক অনলাইন সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান। ঈদুল আজহার তিন দিন                 আগে থেকে সড়ক-মহাসড়কে পণ্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যান বন্ধ রাখতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, কৃষি, শিল্প ও রপ্তানিমুখী পণ্য, চিকিত্সা সরঞ্জাম, ত্রাণ, জ্বালানি, ওষুধ, খাদ্যদ্রব্য, পচনশীল পণ্যসহ জরুরি সার্ভিসের আওতামুক্ত থাকবে। তিনি বলেন, ঈদের আগে-পরে আট দিন সড়ক-মহাসড়ক সংলগ্ন সিএনজি স্টেশনগুলো ২৪ ঘণ্টা খোলা রাখতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়েছে।

ফিটনেস বিহীন যানবাহন কোরবানির পশুরহাটে চলাচলে বিরত থাকতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন,  কোরবানির পশুবাহী যানবাহণ সাধারণত ধীরগতিতে চলে, এসব পরিবহন মহাসড়কে নষ্ট হয়ে পড়লে তৈরি হয় যানজট। তাই ফিটনেস বিহীন যানবাহনে কোরবানির পশু পরিবহন থেকে বিরত থাকুন। ইতিমধ্যে ফিটনেস বিহীন গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। পশুর হাটের অনুমতি প্রদানের ক্ষেত্রে আবারও স্মরণ করে দিয়ে তিনি বলেন, সড়ক-মহাসড়কের ওপরে কিংবা আশপাশে পশুর হাট বসানো যাবে না। প্রয়োজনে এ বছর কমসংখ্যক হাট বসানোর বিষয়টি বিবেচনায় আনতে হবে। এ ক্ষেত্রে অনলাইনে পশু বেচাকেনার বিষয়টিও বিকল্প হিসেবে বিবেচনা করা যেতে পারে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ধর্মীয় অনুভূতির পাশাপাশি কোরবানি ঈদকেন্দ্রিক অর্থনীতির সঙ্গে অনেক মানুষের জীবন ও জীবিকা সংযুক্ত; পশুপালন, এনিম্যাল ফার্মিং, পশুর চামড়া রপ্তানিসহ ঈদ-অর্থনীতি দেশের সার্বিক অর্থনৈতিক প্রবাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি জীবনের পাশাপাশি অর্থনীতির চাকা সচল রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের যে অবস্থান, তা এগিয়ে নিতে এবং কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলারও আহ্বান জানান। বাড়িওয়ালা ভাড়াটিয়াদের সঙ্গে অমানবিক আচরণ এবং শিক্ষার্থীদের মেস ভাড়ার অভিযোগ প্রসঙ্গে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, সংকটে অনেকের আয় কমেছে, হারিয়েছে চাকরি, আবার কেউ কেউ পরিবার নিয়ে কষ্টে জীবনযাপন করছেন, এমন পরিস্থিতিতে একে অপরের প্রতি সমব্যথী হতে হবে।