আড়াইহাজার উপজেলার খাগকান্দা, খাগকান্দা দক্ষিণ পাড়া ও হোগলাকান্দা গ্রামের প্রায় ৭০টি স্থানে চলতি রবি মৌসুমে বোরো চাষিরা পলিথিনে আবৃত শুকনো বীজতলা স্থাপন করেছেন। স্থানীয় কৃষকেরা জানান, ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শহীদুল্লাহ’র অনুপ্রেরণা ও পরামর্শে তারা এ বীজতলা স্থাপন করেন। তারা বলেন, কৃষি বিভাগের নতুন এ প্রযুক্তি ব্যবহার করে ভেজা বীজতলার চেয়ে ৫০ ভাগ বীজ কম ব্যবহার করা হয়েছে। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন জানান, বোরো চাষিদের মধ্যে পলিথিনে আবৃত শুকনো বীজতলা তৈরি করতে ব্যাপক উত্সাহ দেখা গেছে এবং এখানে ভেজা বীজতলা নেই বললেই চলে।
উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আবদুল কাদির জানান, ‘আড়াইহাজার উপজেলার ৭০০ হেক্টর বীজতলার মধ্যে ২০ হেক্টরের অধিক পলিথিনে আবৃত শুকনো বীজতলা স্থাপন করা হয়েছে। তিনি আরো জানান, বোরো ধানের চারা উত্পাদনে পলিথিনে আবৃত শুকনো বীজতলা একটি নতুন পদ্ধতি। এ পদ্ধতিতে ভেজা বীজতলার চেয়ে ৫০ ভাগ বীজ কম লাগে ও ২৫-৩০ ভাগ ফলন বেশি পাওয়া যায়। এতে মাত্র ২৫-৩০ দিনে সুস্থ সবল চারা পাওয়া সম্ভব, এমনকি শৈত্যপ্রবাহেও চারার কোনো ক্ষতি হয় না। কৃষি বিভাগ থেকে কৃষকদের এ পদ্ধতি অবলম্বনে উদ্বুদ্ধ করা হচ্ছে এবং কৃষকদের মাঝেও ব্যাপক জনপ্রিয় হচ্ছে।’
