উইজডেনের স্বীকৃতিতে উচ্ছ্বসিত সাকিব

আপডেট : ০৫ জুলাই ২০২০, ২১:১৪

মুশফিক বলছেন ‘গোল্ডেন বয়’

 স্পোর্টস রিপোর্টার

উইজডেনের বিচারে শতাব্দীর দ্বিতীয় সেরা ক্রিকেটার নির্বাচিত হওয়ায় যারপরনাই উচ্ছ্বাস প্রকাশ করেছেন সাকিব আল হাসান। তিনি নিজের ফেসবুক পেজে এই সংবাদের প্রতিক্রিয়ায় বলেছেন, তিনি এতে অত্যন্ত আনন্দিত ও সম্মানিত বোধ করছেন। সাকিবের এই স্বীকৃতিতে খুশি তার সতীর্থরাও। মুশফিকুর রহিম নিজের ফেসবুক পেজে সাকিবকে ‘গোল্ডেন বয়’ উল্লেখ করে অভিনন্দন জানিয়েছেন।

উইজডেন মান্থলির বিচারে একদিনের ক্রিকেটের ক্রিকেটে দ্বিতীয় সেরা ও টেস্ট ক্রিকেটে ষষ্ঠ সেরা নির্বাচিত হওয়ার পর সাকিব ফেসবুক পেজে লিখেছেন: ‘সেরা খেলোয়াড়দের একজন হিসেবে এই মর্যাদাপূর্ণ তালিকায় দেশের প্রতিনিধিত্ব করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও সম্মানিত বোধ করছি। শতাব্দীর সবচেয়ে মূল্যবান ক্রিকেটারদের তালিকায় আমাকে ওয়ানডে ইন্টারন্যাশনাল ক্রিকেটে দ্বিতীয় এবং টেস্ট ক্রিকেটে ষষ্ঠ স্থানে নির্বাচিত করায় ক্রিকেটের বাইবেলখ্যাত ম্যাগাজিন উইজডেনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।’

সমপ্রতি ক্রিকেট সাময়িকী উইজডেন ক্রিকেট মান্থলি শতাব্দীর সেরা কিংবা মূল্যাবান ক্রিকেটার ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার (এমভিপি)’ নির্বাচিত করেছে। শতাব্দীর দ্বিতীয় সেরা ওয়ানডে ক্রিকেটার হিসেবে সাকিব আল হাসানকে নির্বাচিত করেছে উইজডেন ক্রিকেট মান্থলি। টেস্টেও ষষ্ঠ স্থানে রয়েছেন বাংলাদেশি এই অলরাউন্ডার। ক্রিকেটের ক্ষুদে ফরম্যাট টি-২০-তে অবশ্য সেরা বিশেও নেই ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করে এক বছরের নিষেধাজ্ঞায় থাকা সাকিব।

ক্রিকেটের পরিসংখ্যান বিশ্লেষক সংস্থা ক্রিকভিজের সঙ্গে যৌথভাবে গবেষণা করে এই তালিকা প্রস্তুত করেছে উইজডেন ক্রিকেট মান্থলি। তাদের জুলাই সংখ্যায় যেটি প্রকাশিত হয়েছে। শতাব্দীর সেরা বলতে তারা মূলত খুঁজে বের করেছে এই সময়ে নির্দিষ্ট দলের পারফরম্যান্সে সবচেয়ে বেশি প্রভাব রাখা ক্রিকেটারদের।

সাকিবের এই স্বীকৃতি ছুঁয়ে গেছে তার সতীর্থদেরও। বিশেষ করে সাকিবের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম তাকে অভিনন্দন জানিয়েছেন। নিজের ফেসবুক পেজে মুশফিক লিখেছেন, ‘উইজডেন সম্প্রতি সাকিব আল হাসানকে ২১তম শতাব্দীর ওয়ানডে ক্রিকেটে দ্বিতীয় সেরা মোস্ট ভ্যালুয়েবেল প্লেয়ার (এমভিপি) ঘোষণা করেছে। বাংলাদেশের বিস্ময়বালক, তোমার সঙ্গে একসঙ্গে মাঠে থাকাটা কী সম্মানের ব্যাপার! অভিনন্দন। আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ, তোমার সঙ্গে খেলার জন্য তর সইছে না।’

উইজডেনের বিচারে ওয়ানডেতে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডের সাবেক অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটফ। তারপরই সাকিবের স্থান। টেস্টে শ্রীলঙ্কার স্পিন জাদুকর মুত্তিয়া মুরালিধরনই সবচেয়ে মূল্যবান ক্রিকেটার হয়েছেন। টি-২০-তে এই সেরার সম্মান পেয়েছেন আফগান লেগ স্পিনার রশিদ খান।