বরগুনা (দঃ) প্রতিনিধি
বরগুনায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আবেদন জানিয়ে ‘আমাদের জন্য আমরা’ স্লোগান নিয়ে জেনারেল হাসপাতালে চিকিত্সাধীন জটিল করোনা রোগীদের সেবায় স্থানীয় জনগণের সহায়তায় প্রায় ৯ লাখ টাকা ব্যয়ে কেনা হয়েছে দুটি ‘হাই ফ্লো নেজাল ক্যানোলা’ মেশিন। বরগুনার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নিজ নিজ সামর্থ্য অনুযায়ী এ অর্থ দান করেন। রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ এবং সিভিল সার্জন ডা. মো. হুমায়ুন শাহিন খানের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয় এই মেশিন। জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, এসব মেশিন ক্রয়ের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ১ লাখ টাকা দেওয়া হবে জানিয়ে তিনি এ উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত সবাইকে ধন্যবাদ জানান।
