চামড়া ব্যবসায়ীদের ব্যাংক ঋণে বিশেষ সুবিধা দিল কেন্দ্রীয় ব্যাংক

আপডেট : ০৫ জুলাই ২০২০, ২১:৪৮

ইত্তেফাক রিপোর্ট

মাত্র ২ শতাংশ ডাউন পেমেন্টে চামড়া ব্যবসায়ীদের ঋণ পুনঃতপশিলের সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক। ব্যাংক গ্রাহক সম্পর্কের ভিত্তিতে মাত্র ২ শতাংশ ডাউন পেমেন্ট দিয়ে নতুন ঋণও নিতে পারবেন ব্যবসায়ীরা। এক্ষেত্রে খেলাপি হলে পরবর্তী ঋণ পাওয়ার জন্য ন্যূনতম যে সময় অপেক্ষা করার দরকার হয় সেটাও শিথিল করা হয়েছে। গতকাল রবিবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

দেশে কায়রত সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো ঐ চিঠিতে বলা হয়েছে, ৩০ জুন ২০২০ তারিখভিত্তিক ঋণ বা বিনিয়োগ স্থিতির ন্যূনতম ২ শতাংশ ডাউন পেমেন্ট নগদে আদায় সাপেক্ষে পুনঃতপশিল করা যাবে। এক্ষেত্রে ব্যাংক-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ব্যাংকগুলো নিজেরাই সিদ্ধান্ত নিতে পারবে। এক্ষেত্রে ইতিপূর্বে সংশ্লিষ্ট ঋণ/বিনিয়োগ হিসাবে আদায়কৃত কিস্তি ডাউন পেমেন্ট হিসেবে গণ্য হবে না।

ঋণ গ্রহীতাদের নিয়ন্ত্রণ বহির্ভূত কারণে ঋণ বা বিনিয়োগ হিসাব শ্রেণীকৃত হয়ে থাকলে এবং ব্যবসাপ্রতিষ্ঠান সচল থাকলে এ প্রজ্ঞাপনের আওতায় পুনঃতপশিল সুবিধা প্রদান করা যাবে। কেইস-টু-কেইস ভিত্তিতে এক বছরের গ্রেস পিরিয়ডসহ তলবি ও চলমান ঋণ সর্বোচ্চ ছয় বছর মেয়াদে এবং মেয়াদি ঋণ সর্বোচ্চ আট বছর মেয়াদে পুনঃতপশিল করা যাবে। কোরবানিকৃত পশুর কাঁচা চামড়া ক্রয়ের উদ্দেশ্যে নতুন ঋণ বিতরণের ক্ষেত্রে কম্প্রোমাইজড অ্যামাউন্ট গ্রহণের শর্তও শিথিল করা যাবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। চলতি বছরের ৩০ জুলাইয়ের মধ্যে স্বস্ব ব্যাংকের কাছে প্রজ্ঞাপনের আওতায় ঋণ গ্রহীতাদের ঋণ পুনঃতপশিলের জন্য আবেদন করতে হবে।