ফরিদপুর নৌঘাটের ইজারা নিয়ে পালটাপালটি সংবাদ সম্মেলন

আপডেট : ০৫ জুলাই ২০২০, ২২:০৯

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে নৌঘাট ইজারা নিয়ে একে অপরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিবদমান দুইটি পক্ষ। রবিবার বেলা ১১টায় সিএন্ডবি ঘাট নৌবন্দর এলাকায় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন ডিক্রিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যুবলীগ নেতা মেহেদী হাসান মিন্টু ও জেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ খান মাহাবুবুর রহমান। অপর দিকে এর প্রতিবাদ জানিয়ে শহরের স্টেশন রোডের নিজস্ব অফিসে সংবাদ সম্মেলন করে সিদ্দিকুর রহমানের পরিবার ও প্রতিষ্ঠানের সদস্যরা।

প্রথম সংবাদ সম্মেলনে মেহেদী হাসান মিন্টু জানান, ২০১৯-২০ অর্থবছরে ১ কোটি ২০ লাখ টাকায় ফরিদপুর সিএন্ডবি ঘাট নৌবন্দরের ইজারা পাই। কিন্তু সিদ্দিকুর রহমান ও তার লোকজন প্রভাব খাটিয়ে এবং পেশিশক্তি প্রয়োগ করে আমাকে ঘাটের ইজারা বুঝে নিতে দেয়নি। জেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা খান মাহাবুবুর রহমান ঘাটের ইজারা পেলে তাকেও ইজারা বুঝে নিতে দেওয়া হয়নি। লিখিত বক্তব্যে তিনি আরো জানান, চেম্বার সভাপতি সিদ্দিকুর রহমান প্রভাব খাটিয়ে একতরফাভাবে অল্প টাকায় ঘাটের ইজারা নিয়েছেন যাতে সরকারের বিরাট অঙ্কের রাজস্ব ক্ষতি হয়েছে।

এদিকে অপর সংবাদ সম্মেলনে সিদ্দিকুর রহমানের মালিকানাধীন আলাউদ্দিন ট্রেডিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক (প্রশাসন) অসীম কুমার কর্মকার বলেন, বিআইডব্লিউটিএ থেকে ৫০ লাখ টাকার বিনিময়ে ২০২০-২১ অর্থবছরের জন্য এই বন্দরের ইজারা নিয়েছে রিয়াজ করপোরেশন। যা সরকারি সকল নিয়মানুযায়ী হয়েছে। কিন্তু একটি মহল এই নৌবন্দরের ইজারা পেতে ব্যর্থ হয়ে নানাভাবে অপপ্রচার চালাচ্ছে, যা অসত্য ও ভিত্তিহীন। ফরিদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সিদ্দিকুর রহমান বেশ কয়েকটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী।

এছাড়া তিনি নানা সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠান পরিচালনায় সম্পৃক্ত। সংবাদ সম্মেলনে ফরিদপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুস সালাম লাল, স্থানীয় পৌর কাউন্সিলর শেখ আব্দুল জলিল, রিয়াজ করপোরেশনের স্বত্বাধিকারী রিয়াজ আহম্মেদ শান্ত, ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক উজ্জল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।