মির্জাপুরে বাস উলটে যাত্রী নিহত অল্পের জন্য রক্ষা পেলেন ২০ জন

আপডেট : ০৫ জুলাই ২০২০, ২২:১০

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

মির্জাপুরে বৃষ্টিতে রাস্তায় স্লিপ কেটে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গেছে। এতে এক জন নিহত ও ১০ জন যাত্রী আহত হয়েছেন। অল্পের জন্য রক্ষা পেয়েছেন বাসের ২০ যাত্রী। গতকাল রবিবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার দেওহাটা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম মো. তালেবুর মিয়া (৪০)। তার বাবার নাম মৃত জব্বার মিয়া। তার গ্রামের বাড়ি রংপুর জেলার মহেনপুর বলে জানা গেছে।  গোড়াই হাইওয়ে থানার ওসি মো. মনিরুজ্জামান মনির জানান, দুপুর সারে ১২টার দিকে রাজধানীর মহাখালী থেকে রংপুরগামী একটি যাত্রীবাহী বাস ঐ স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের লেনে উলটে পড়ে যায়। এতে বাসের নিচে চাপা পড়ে এক জন ঘটনাস্থলেই মারা যান। পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সহযোগিতায় আহতদের উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে নারী, শিশু ও বয়স্ক ব্যক্তি রয়েছেন। নিহতের লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে। গোড়াই হাইওয়ে থানায় মামলা হয়েছে। বাসের চালক ও হেলপার পলাতক।