গাইবান্ধায় বন্যা অপরিবর্তিত জামালপুরে উন্নতি

আপডেট : ০৬ জুলাই ২০২০, ০০:২৭

গাইবান্ধায় বন্যা পরিস্থিতি প্রায় অপরিবর্তিত রয়েছে। জামালপুরে পরিস্থিতির উন্নতি ঘটেছে। বন্যার পানির তোড়ে টাঙ্গাইলের একটি রাস্তা ভেঙে গিয়ে মির্জাপুর ও বাসাইল উপজেলার মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। মুন্সীগঞ্জেও ভেঙে গেছে একটি রাস্তা। ভূঞাপুরে যমুনার পানিতে ডুবে এক শিশুর মৃত্যু ঘটেছে।

গাইবান্ধা প্রতিনিধি জানান, গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মোখলেছুর রহমান জানিয়েছেন, গতকাল রবিবার পর্যন্ত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্রের পানি ১৭ সেন্টিমিটার কমে বিপত্সীমার ৩৫ সেন্টিমিটার ও ঘাঘটের পানি ১৯ সেন্টিমিটার কমে বিপত্সীমার ৩ সেন্টিমিটার ওপরে রয়েছে। তিস্তার পানি ১০ সেন্টিমিটার কমেছে। করতোয়ার পানি ২৬ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। তবে তিস্তা ও করতোয়ার পানি বিপত্সীমার অনেক নিচে রয়েছে।

এদিকে ব্রহ্মপুত্র ও ঘাঘটের পানি কমতে শুরু করার পর থেকেই নদীতীরবর্তী এলাকায় ভাঙন শুরু হয়েছে। গত দুই দিনে ভাঙনে অন্তত ৩৫০টি ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে।

জামালপুর প্রতিনিধি জানান, জামালপুরে সার্বিক বন্যা পরিস্থিতির অনেকটা উন্নতি হলেও বানভাসি মানুষের দুর্ভোগ কমছে না। জামালপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. আবু সাইদ জানিয়েছেন, গতকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় যমুনার পানি ২০ সেন্টিমিটার কমে বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে বিপত্সীমার ৩৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। অন্যদিকে ব্রহ্মপুত্রসহ শাখা নদ-নদীগুলোর পানি এখনো কমেনি। জামালপুর জেলা প্রশাসন জানায়, জেলার সাতটি উপজেলার ৪৯টি ইউনিয়নের প্রায় ৪ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। পানিতে ডুবে ও সাপের কামড়ে এখন পর্যন্ত জেলায় ১১ জনের মৃত্যু হয়েছে।

এদিকে জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ জানায়, অন্তত ১৩ হাজার ৩৪৩ হেক্টর জমির ফসল বন্যার পানিতে তলিয়ে গেছে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা নায়েব আলী জানিয়েছেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত ৫৩৪ মেট্রিক টন চাল ও নগদ সাড়ে ১৩ লাখ টাকা এবং ২ হাজার প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে। ইসলামপুরের স্থানীয় সংসদ সদস্য আলহাজ ফরিদুল হক খান দুলাল ইসলামপুর কুলকান্দি ইউনিয়নের বিভিন্ন বন্যাকবলিত এলাকায় প্রায় ৫০০ পরিবারের মধ্যে ১০ কেজি করে চাল ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করেছেন।

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা জানান, বন্যার পানির প্রবল চাপে রাস্তা ভেঙে টাঙ্গাইলের মির্জাপুর ও বাসাইল উপজেলার মধ্যে সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এলাকাবাসীকে ২৫-৩০ মাইল ঘুরে যাতায়াত করতে হচ্ছে।

রবিবার মির্জাপুর উপজেলার ১ নম্বর মহেড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বাদশা মিয়া জানান, মির্জাপুর উপজেলার সঙ্গে বাসাইল উপজেলার যোগাযোগের একমাত্র রাস্তা কদিমধল্যা-ছাওয়ালী-বাসাইল সড়ক। বন্যার পানির প্রবল চাপে গত শুক্রবার এই গুরুত্বপূর্ণ রাস্তার আদাবাড়ী অংশে ৭০-৮০ ফুট ভেঙে পড়লে দুই উপজেলার মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এতে নাটিয়াপাড়া ও করটিয়া দিয়ে ২৫-৩০ মাইল ঘুরে দুই উপজেলাবাসীকে যোগাযোগ করতে হচ্ছে। রাস্তাটির ওপর একটি বেইলি ব্রিজ নির্মাণসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার এবং স্থানীয় এমপিকে অবহিত করা হয়েছে। মির্জাপুর উপজেলার এলজিইডি প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমান জানান, রাস্তা ভেঙে যাওয়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। বরাদ্দ পেলে অগ্রাধিকারের ভিত্তিতে রাস্তাটির ওপর একটি বেইলি ব্রিজসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভূঞাপুরে নদীতে পড়ে শিশুর মৃত্যু

ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা জানান, ভূঞাপুর উপজেলার চরভরুয়া এলাকায় গত শনিবার যমুনা নদীতে প?ড়ে গিয়ে নিখোঁজ শিশু খায়রুলের (৭) মরদেহ গতকাল দুপুরে অর্জুনার ইউনিয়নের বেলতলা এলাকায় নদী থেকে উদ্ধার করা হয়েছে।

খায়রুল গোপালপুর উপজেলার শাখারিয়া গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে। স্থানীয়রা জানান, নানির সঙ্গে তিল শুকাতে গিয়ে শিশুটি যমুনা নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হয়েছিল।

মুন্সীগঞ্জে পদ্মার পানি বৃদ্ধি,

ভেঙে গেছে রাস্তা

মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, মুন্সীগঞ্জে পদ্মার পানি আরো বৃদ্ধি পেয়েছে। ভাগ্যকূলে গতকাল পদ্মার পানি বিপত্সীমার ২৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। ২৪ ঘণ্টায় ৭ সেন্টিমিটার পানি বেড়েছে। চরাঞ্চলের বহু এলাকা জলমগ্ন হয়েছে। আমন ধানসহ  ফসলের ক্ষতি হয়েছে। মাওয়া পয়েন্টে গতকাল পদ্মার পানি ৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপত্সীমার ১৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। টঙ্গিবাড়ী উপজেলায় পানির তীব্র স্রোতে হাসাইল-কামারখাড়া সড়কের একটি অংশ ভেঙে গিয়ে হাসাইল ও কামারখাড়ার মধ্যে সরাসরি যোগাযোগ বিচ্ছন্ন হয়ে গেছে।

টঙ্গিবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা আক্তার জানান, রাস্তাটি দ্রুত মেরামত করার ব্যবস্থা নেওয়া হচ্ছে।