করোনা শনাক্তে ভারতে প্রতিদিন নতুন রেকর্ড

আপডেট : ০৫ জুলাই ২০২০, ২২:৪০

গতকাল রবিবার নতুন রেকর্ড গড়ল ভারতের করোনা ভাইরাস সংক্রমণ। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার সকাল ৮টা থেকে শুরু করে ২৪ ঘণ্টায় ২৪ হাজার ৮৫০টি নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে। এতে দেশটিতে মোট সংক্রমণ এখন ৬ লাখ ৭৩ হাজার ১৬৫। করোনা ভাইরাসে তৃতীয় সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত দেশ রাশিয়া থেকে গতকাল মাত্র ৮০০ সংক্রমণ দূরে অবস্থান করছিল ভারত। দেশটিতে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৬১৩ জনের এবং মোট মৃত্যুর সংখ্যা ১৯ হাজার ২৬৮।

এই নিয়ে টানা নবম দিন ভারতের করোনা ভাইরাস সংক্রমণ ১৮ হাজারেরও বেশি ছিল। প্রতিদিন বেড়েছে আগের দিনের চেয়ে সংক্রমণ। ভারতীয় গবেষকরা বলছেন, তাদের দেশে করোনা সংক্রমণ চূড়ায় ওঠার অপেক্ষায় রয়েছে। এদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বব্যাপী করোনা ভাইরাস সংক্রমণে রেকর্ড বৃদ্ধির কথা জানিয়েছে এবং গত ২৪ ঘণ্টায় ২ লাখ ১২ হাজার ২৩৬টি নতুন সংক্রমণের কথা জানিয়েছে। ভারত ছাড়া সবচেয়ে বেশি বৃদ্ধি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে।

এদিকে, গোটা বিশ্বে করোনা সংক্রমণ ১ কোটি ১৪ লাখ ২০ হাজার ছাড়িয়েছে। আর মোট মৃত্যু হয়েছে ৫ লাখ ৩৪ হাজার লোকের। গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ৪৫ হাজার ১৮২ জন। দেশটিতে এই সময়ের ব্যবধানে মৃত্যু হয় ২৫৪ জনের। অপরদিকে, রাশিয়ায় ২৪ ঘণ্টায় শনাক্ত ও মৃত্যুর সংখ্যা যথাক্রমে ৬ হাজার ৬৩২ এবং ১৭৬ জন। আর ব্রাজিলে ২৪ ঘণ্টায় শনাক্ত ৩৫ হাজার আর মৃত্যু ১ হাজার ১১১ জন। এদিকে সংক্রমণ কমেছে যুক্তরাজ্য, স্পেন, ইতালিসহ বেশ কয়েকটি দেশে। যুক্তরাজ্যে শনিবার শর্তসাপেক্ষে ক্লাবসহ বিভিন্ন প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। ফলে অনেক দিন পর ‘মুক্ত’ জীবনের স্বাদ পায় মানুষ। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, এখনই উল্লসিত হবার সময় আসেনি। করোনার দ্বিতীয় ঢেউ হানা দিতে পারে একটু অসতর্ক হলেই।