গণস্বাস্থ্যকে নিজেদের কিটের সক্ষমতা ফের যাচাইয়ের পরামর্শ

আপডেট : ০৫ জুলাই ২০২০, ২২:৪২

সরকারি নিয়ম মেনে কন্ট্রাক্ট রিসার্চ ফার্মের (সিআরও) মাধ্যমে গণস্বাস্থ্য কেন্দ্রকে তাদের উদ্ভাবিত অ্যান্টিবডি কিটের সক্ষমতা বা ভ্যালিডেশন আবারও যাচাই করতে বলেছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। গতকাল রবিবার গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে এ পরামর্শ দেওয়া হয়।

বৈঠক শেষে গণস্বাস্থ্য কেন্দ্রের কোভিড-১৯ ডট ব্লট কিট প্রকল্পের সমন্বয়ক ডা. মুহিব উল্লাহ খোন্দকার সাংবাদিকদের বলেন, ‘ঔষধ প্রশাসন আমাদের কথা পজিটিভলি শুনেছে। অ্যান্টিবডি কিটের বিষয়ে আমাদের ইন্টারনাল ভ্যালিডেশন রিপোর্টকে আমলে এনে নিবন্ধন দেওয়ার অনুরোধ করেছি আমরা। তারা বিদ্যমান সরকারি নিয়মে আবার সিআরও-এর মাধ্যমে ইউএস এফডিএ আমব্রেলা গাইডলাইন্স অনুযায়ী এক্সটারনাল ভ্যালিডেশন করতে বলেছেন। আগামী বুধবার অ্যান্টিজেনের নীতিমালা ফাইনাল হবে। তারপর ঔষধ প্রশাসন আমাদের একটা ফরম্যাট পাঠাবে। সেই অনুযায়ী প্রটোকল আপডেট করে জমা দিতে বলা হয়েছে।’

ডা. মুহিব উল্লাহ আরো বলেন, নতুন কিছু করতে গেলে সরকারের নীতিমালা অনুযায়ী আবার একইরকম সিআরওর মাধ্যমে এক্সটারনাল ভ্যালিডেশন করতে হবে। তারা যে নতুন গাইডলাইন দিয়েছে, সেই অনুযায়ী কাজ করতে হবে।

উল্লেখ্য, ১৭ জুন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) গণস্বাস্থ্যের কিটের কার্যকারিতা পরীক্ষা শেষে প্রতিবেদন জমা দেয় ঔষধ প্রশাসন অধিদপ্তরে। কিন্তু গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত করোনা অ্যান্টিবডি কিটের সেনসিটিভিটি গ্রহণযোগ্য মাত্রার নিচে হওয়ায় নিবন্ধন দেয়নি ঔষধ প্রশাসন।