মার্কেন্টাইল ব্যাংকের পরিচালক হিসেবে অনুমোদন পাননি ফিরোজ আলম

আপডেট : ০৬ জুলাই ২০২০, ০০:২৫

খেলাপি ঋণ সংশ্লিষ্টতার কারণে মার্কেন্টাইল ব্যাংকের বর্তমান পরিচালক শিল্পপতি এ এস এম ফিরোজ আলমকে পরিচালক হিসেবে অনুমোদন দেয়নি বাংলাদেশ ব্যাংক। পরিচালক পদের অনুমতির জন্য সম্প্রতি বাংলাদেশ ব্যাংকে তার নাম পাঠানো হয়। একইসঙ্গে আরো তিন জনের নাম পাঠানো হয়। তার মধ্যে এ কে এম সহিদ রেজা, আলহাজ মোশারফ হোসেন এবং এম আমান উল্লাহকে ব্যাংকের পরিচালক নিয়োগের অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রবিবার বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত একটি চিঠি মার্কেন্টাইল ব্যাংকের এমডির কাছে পাঠানো হয়েছে বলে বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে। বাংলাদেশ ব্যাংকের চিঠিতে বলা হয়েছে, এ এস এম ফিরোজ আলমের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে খেলাপি ঋণ থাকায় ব্যাংক কোম্পানি আইন ১৯৯১-এর ১৫(৬)(উ) ধারা বিধান অনুযায়ী এ এস এম ফিরোজ আলমকে মার্কেন্টাইল ব্যাংকের পরিচালনা পর্ষদে পরিচালক নিয়োগে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন দেওয়ার সুযোগ নেই।

এ বিষয়ে এ এস এম ফিরোজ আলম বলেন, প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড থেকে প্রিমিয়ার লিজিং সিকিউরিটিজের একটি অ্যাসোসিয়েট লোন আছে। ঐ ঋণখেলাপি হলেও পরে পুনঃতপশিল হয়েছে। এ তথ্য বাংলাদেশ ব্যাংকের কাছে না থাকার কারণে ভুল বুঝাবুঝি তৈরি হয়েছে।