বরিশাল অফিস
স্বাস্থ্য খাতে দুর্নীতি ও অব্যবস্থাপনা, রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ করে দেওয়া এবং ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার ও নিপীড়নের প্রতিবাদে সাংস্কৃতিক সমাবেশ করেছে উদীচী শিল্পীগোষ্ঠী বরিশাল জেলা সংসদ। সোমবার বেলা ১২টায় নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে এ প্রতিবাদ সমাবেশ করে তারা। উদীচী বরিশাল জেলা সংসদের সভাপতি সাংবাদিক সাইফুল রহমান মিরনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাবেক সভাপতি অ্যাডভোকেট বিশ্বনাথ দাস মুন্সি, কবিতা আবৃতি পরিষদের সভাপতি আজমুল হোসেন লাবু, উদীচী সংসদের সাধারণ সম্পাদক স্নেহাংশ কুমার বিশ্বাস, নাট্য সংগঠন উত্তরণের সভাপতি মো. শাহেদ। এ সময় বক্তারা বলেন, অভিলম্বে বর্তমান করোনাকালীন সময়ে স্বাস্থ্য খাতে যে ব্যাপক দুর্নীতি প্রকাশ পাচ্ছে তা তদন্তের মাধ্যমে দুর্নীতিবাজ কর্মকর্তাদের আইনের আওতায় এনে শাস্তি প্রদান করা হোক। একই সময় সরকার দেশের পাটকল শিল্প প্রতিষ্ঠান বন্ধ করার যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত বাতিল করে পাটকল চালুর মাধ্যমে দেশের উন্নয়নের গতিধারা বজায় রাখার আহ্বান জানান তারা।
