মদন (নেত্রকোনা) সংবাদদাতা
নেত্রকোনার মদনে উপজেলা প্রশাসনের সহায়তায় বাল্যবিয়ে থেকে রক্ষা পেল এক শিশু (১১)। প্রথম স্ত্রী গোপন করে দ্বিতীয় বিয়ে ও বাল্যবিয়ের প্রস্তুতি নেওয়ার অপরাধে রবিবার দিবাগত রাতে বর আব্দুল্লাহ নিশান ওরফে বাবুকে এক মাসের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার তাকে নেত্রকোনা কোর্টহাজতে পাঠানো হয়। পারিবারিক সূত্রে জানা যায়, পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মাহমুদপুর গ্রামের এক শিশুর সঙ্গে একই গ্রামের হাজি রহমানের ছেলে আব্দুল্লাহ নিশান ওরফে বাবু দ্বিতীয় বিয়ের প্রস্তুতি নেয়। এ খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট বুলবুল আহমেদ তালুকদার উপস্থিত হয়ে বরকে এক মাসের জেল দেন। এস আই নূরুল আমিন জানান, জেল হওয়ায় বরকে আজ নেত্রকোনা কোর্টহাজতে পাঠানো হয়েছে।
