কামারখন্দে ছাত্রলীগ নেতা এনামুল হত্যার বিচার দাবিতে বিক্ষোভ, দাফন

আপডেট : ০৬ জুলাই ২০২০, ২২:৩৯

সিরাজগঞ্জের কামারখন্দে প্রতিপক্ষের হামলায় আহত ছাত্রলীগ নেতা এনামুল হক বিজয়ের মৃত্যুতে শোকে বাকরুদ্ধ হয়ে পড়েছে তার পরিবার। রবিবার রাতে এনামুলের মরদেহ নিজ গ্রাম উপজেলার চালা শাহবাজপুর গ্রামে পৌঁছানোর পর বাবা-মা ও বোনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে বাতাস। এনামুলের মরদেহ বাড়িতে আনার পর এনামুল হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে স্ল্লোগান ও বিক্ষোভ করে স্থানীয় বিক্ষুব্ধ জনতা। সোমবার বাদ ফজর চালা শাহবাজপুর হাফিজিয়া মাদ্রাসায় জানাজা শেষে স্থানীয় কবরস্থানে এনামুলের মরদেহ দাফন করা হয়। নিহত এনামুলের বাবা আব্দুল কাদের আবেগাপ্লুত কণ্ঠে জানান, আমার ছেলেকে যারা নির্মমভাবে হত্যা করেছে আমি তাদের বিচার চাই।

উল্লেখ্য, গত ২৬ জুন বিকালে বর্ষীয়ান নেতা সাবেক মন্ত্রী প্রয়াত মোহাম্মদ নাসিম স্মরণে ছাত্রলীগ আয়োজিত দোয়া মাহফিলে যোগ দিতে যাওয়ার পথে সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন এলাকায় এনামুল হক বিজয়ের ওপর হামলা চালিয়ে মাথায় কুপিয়ে জখম করে প্রতিপক্ষ। পরে ঢাকার একটি হাসপাতালে রবিবার তার মৃত্যু হয়। নিহতের বড় ভাই ২৭ জুন জেলা ছাত্রলীগের দুই সাংগঠনিক সম্পাদকসহ পাঁচ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা চার/পাঁচ জনের বিরুদ্ধে সদর থানায় মামলা করেন। ইতিমধ্যে চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না এমপি এক শোক বার্তায় বলেন, এনামুলের মৃত্যুতে আমরা অত্যন্ত মর্মাহত ও শোকাহত।