আওয়ামী লীগের ‘বিয়ন্ড দ্যা প্যানডেমিকের’ দশম পর্ব আজ

আপডেট : ০৭ জুলাই ২০২০, ০০:৫০

করোনা ভাইরাস মোকাবিলায় তরুণদের ভূমিকা নিয়ে আওয়ামী লীগের ‘বিয়ন্ড দ্যা প্যানডেমিকের’ দশম পর্ব অনুষ্ঠিত হবে আজ মঙ্গলবার। ‘করোনা সংকট মোকাবিলায় তরুণদের ভূমিকা’ শীর্ষক এবারের পর্বটি রাত সাড়ে ৮টায় দলটির অফিশিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে সরাসরি প্রচারিত হবে। একই সঙ্গে দেখা যাবে বিজয় টিভির পর্দায় এবং দৈনিক ইত্তেফাক, সমকাল, ভোরের কাগজ, বাংলা নিউজ, যুগান্তর, জাগো নিউজ ২৪, বার্তা ২৪, সারা বাংলা ও বিডি নিউজের ফেসবুক পেইজে।

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার শাহ আলী ফরহাদের পরিচালনায় এবারের পর্বে আলোচক হিসেবে যুক্ত হবেন পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি, আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান, ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয়, ঢাকা মেডিক্যাল কলেজের কোভিড বিশেষায়িত হাসপাতালের মেডিসিন ও ইনফেকশাস ডিজিজ বিশেষজ্ঞ ডা. ফরহাদ উদ্দিন হাছান চৌধুরী মারুফ, মিশন সেভ বাংলাদেশের সহপ্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক ইমরান কাদির এবং চ্যানেল ২৪-এর রিপোর্টার সাংবাদিক জিনিয়া কবির সূচনা।