চলমান করোনা ভাইরাস সংক্রমণের বিস্তার প্রতিরোধে অবিলম্বে সারা দেশে অস্থায়ী হাসপাতাল স্থাপনের প্রস্তাব করেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। গতকাল সোমবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের বৈঠকে এ সিদ্ধান্তের কথা জানান জোটের সমন্বয়কারী বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
তিনি বলেন, রবিবার ২০ দলীয় জোটের শীর্ষ নেতারা ভার্চুয়াল বৈঠক করেছেন। বৈঠকে দেশের প্রত্যেকটি শ্রমঘন এবং ঘনবসতিপূর্ণ অঞ্চলে কোভিড-১৯ পরীক্ষা ও চিকিত্সার জন্য অস্থায়ী হাসপাতাল স্থাপন এবং পরবর্তী সময়ে সেগুলো সরকারি-বেসরকারি যৌথ মালিকানায় পরিচালনার জন্য ২০ দল প্রস্তাব করছে। সমাজের অর্থবান ব্যক্তিদের এ ব্যাপারে উদ্যোগী হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। ২০ দল মনে করে, এ ব্যাপারে সরকারকে আন্তর্জাতিক সংস্থাসমূহ ও বন্ধুপ্রতিম বিভিন্ন রাষ্ট্র সহযোগিতা করতে পারে। থাইল্যান্ডের প্রয়াত রাজা, সিঙ্গাপুর ও মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রীর মতো আমাদের দেশের মন্ত্রী-এমপি-জনপ্রতিনিধি-জননেতা-ঊর্ধ্বতন আমলারা সরকারি হাসপাতালে চিকিত্সা নিলে দেশের স্বাস্থ্যব্যবস্থার উন্নতি হতো। একই সঙ্গে কোভিড-১৯ সংক্রমণ পরীক্ষার ফি বাতিলের দাবিও জানান তিনি।
গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কিট নিয়ে অহেতুক সময়ক্ষেপণ, বিদেশ থেকে নিম্ন মানের কিট, মাস্ক, পিপিইসহ স্বাস্থ্য সুরক্ষাসামগ্রীতে দুর্নীতিতে ক্ষোভ প্রকাশ করেছে ২০ দল। বিদ্যুত্-গ্যাস-পানির বিল আদায় ডিসেম্বর পর্যন্ত স্থগিতের দাবি জানিয়েছে ২০ দল। একই সঙ্গে রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধের বিষয়ে ২০ দলের অবস্থান তুলে ধরে তিনি বলেন, পাটকল বন্ধ করার ফলে পাটচাষিরা যে অনিবার্য ক্ষতির সম্মুখীন হবেন সেই ক্ষতি পূরণে সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছে ২০ দল। ‘রাজনৈতিক দল নিবন্ধন আইন ২০২০’ নামে নতুন আইনের খসড়া প্রণয়নে নির্বাচন কমিশনের উদ্যোগকে ‘অসময়োপযোগী’, ‘অপ্রয়োজনীয়’ এবং ‘উদ্দেশ্যমূলক’ হিসেবে অভিহিত করে এই উদ্যোগ বন্ধের দাবি জানায় ২০ দল।
